আমাদের ভারত, ২৮ ডিসেম্বর: প্রধানমন্ত্রী আবাস যোজনায় শাসক তৃণমূল দলের নিকৃষ্ট দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান করল এসইউসিআই (সি)।
দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বুধবার এক বিবৃতিতে জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা প্রস্তুতে তৃণমূলের নেতা, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও তাদের আত্মীয়-পরিজনের নাম যেভাবে জড়িয়ে গেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। স্বজনপোষণ, দুর্নীতি ও দলবাজি এর থেকে বড় উদাহরণ খুব বেশি নেই। যাদের ছাদ-ওয়ালা পাকা বাড়ি আছে এবং সেকারণেই নাম উপভোক্তা তালিকায় কোনোভাবেই থাকার কথা নয়, তাদের নাম আছে। অথচ যাদের বাস্তবে মাথা গোঁজার উপযুক্ত আস্তানা নেই তাঁদের নাম বাদ পড়েছে।
তৃণমূলের এই নেতাদের যারা যাচাই পর্বে এসে নাম বাদ দিতে ব্যস্ত হয়ে পড়েছেন তাদের উত্তর দিতে হবে সমীক্ষা পর্বে কীভাবে তাদের নাম ঢুকল। তখন কাঁচা বাড়ি ছিল, এখন ছাদ হয়েছে এসব যুক্তি যে ছেঁদো তা বুঝতে কারোর অসুবিধা হয় না। আবার এই যাচাই করার কাজে স্বাস্থ্যকর্মী হিসাবে আশা কর্মীদের যেভাবে কাজে লাগানো হচ্ছে তা একেবারেই সমর্থনযোগ্য নয়, কারণ তা তাদের কাজ নয় এবং তাদের পক্ষে বর্তমান পরিস্থিতিতে মতামত দেওয়াও অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
রাজ্য সরকারের কাছে আমাদের দাবি (১) অবিলম্বে প্রধানমন্ত্রী আবাস যোজনার উপযুক্ত তালিকা প্রকাশ করতে হবে, (২) যাদের নাম কোনোভাবেই থাকার কথা নয়, রাজনীতির রঙ না দেখে তালিকা থেকে তাদের নাম বাদ দিতে হবে, (৩) আশা কর্মী নয়, উপযুক্ত সরকারি কর্মচারীদের দিয়ে এই যাচাই করতে হবে, (৪) অন্যায়ভাবে নাম ঢোকানোর কাজে যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে।
এই দাবিতে প্রকৃত গৃহহীনদের নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে জেলায় জেলায় বিডিও, এসডিও, জেলা শাসকের দফতরে বিক্ষোভ ও স্মারকলিপি দেওয়ার আহ্বান জানাচ্ছি।

