২২ জানুয়ারি দেশজুড়ে দীপাবলি পালনের আহ্বান, রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর আবেদন মোদীর

আমাদের ভারত, ৩০ জানুয়ারি: গোটা দেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে রাম মন্দির উদ্বোধনের জন্য। ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের মেগা উদ্বোধন। রাম তীর্থের এই বিরাট অনুষ্ঠান ঘিরে দেশজুড়ে উন্মাদনা এখন তুঙ্গে। আর সেই মন্দির উদ্বোধনের দিন গোটা দেশ দীপাবলির আলোতে সেজে উঠুক, এমনটাই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ দেশবাসীর কাছে রাম জন্মভূমি থেকে প্রধানমন্ত্রীর আহ্বান ২২ জানুয়ারি দীপাবলি পালন করুন। প্রধানমন্ত্রী বলেন, ২২ জানুয়ারি যখন অযোধ্যায় ভগবান রামলালা বিরাজ করবেন, তখন আপনারাও নিজেদের ঘরে ঘরে শ্রীরাম জ্যোতি প্রজ্বলন করুন। দীপাবলি পালন করুন। ২২ জানুয়ারি সন্ধ্যেয় যেন গোটা দেশ আলোয় ঝলমল করে।

রাম মন্দির উদ্বোধনের আগে গোটা শহরে এখন সাজো সাজো রব। ঢেলে সাজানো হয়েছে গোটা শহরকে। শনিবার প্রধানমন্ত্রীর হাত ধরেই এই নবরূপে সজ্জিত রেল স্টেশন ও আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হলো।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন অযোধ্যায় মেগা রোড শো করেন। পুষ্প বৃষ্টি করে শ্রীরাম জয়ধ্বনিতে তাকে স্বাগত জানান অযোধ্যার মানুষ। তিনি একে একে উদ্বোধন করেন অযোধ্যার নবনির্মিত মহর্ষি বাল্মীকি এয়ারপোর্ট ও অযোধ্যা ধাম স্টেশনের নয়া ভবন এবং অমৃত ভারত ও বন্দে ভারত এক্সপ্রেস।

এরপর একটি জনসভা করেন প্রধানমন্ত্রী। সেখানে মোদী বলেন, দেশের জন্য আমাদের নতুন সংকল্প নিতে হবে। নিজেদের মধ্যে নতুন শক্তি সঞ্চার করতে হবে। এই পবিত্র মাটি থেকে আমি ১৪০ কোটি দেশবাসীর কাছে অনুরোধ করছি, ২২ জানুয়ারি আপনারা সবাই নিজেদের ঘরে শ্রীরাম জ্যোতি প্রজ্বলন করুন।”

প্রধানমন্ত্রী জানান, রাম মন্দিরের উদ্বোধন হয়ে গেলে এখানে প্রচুর সংখ্যক মানুষ আসবেন। সে কথা মাথায় রেখেই সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে অযোধ্যা শহরকে স্মার্ট অযোধ্যার রূপ দিচ্ছে। এখন অযোধ্যা ধাম স্টেশনে ১০ থেকে ১৫ হাজার মানুষের যাতায়াতের জায়গা আছে। কাজ সম্পূর্ণ হয়ে গেলে এখানে দিনে প্রায় ৬০ হাজার মানুষ যাতায়াত করতে পারবে।

একই সঙ্গে মোদী বলেন, “রামনগরীর বাসিন্দাদের কাছে অনুরোধ, অযোধ্যাকে ভারতের সবচেয়ে স্বচ্ছ শহর হিসেবে গড়ে তুলুন। মকর সংক্রান্তি অর্থাৎ ১৪-২২ জানুয়ারি দেশের সমস্ত তীর্থ স্থানে স্বচ্ছ অভিযান চলুক। প্রভুরাম গোটা দেশের, তাই তিনি যখন আসছেন তখন দেশের একটি তীর্থক্ষেত্রও যেন জঞ্জালে ভরা না থাকে। দেশের জন্য এই নব সংকল্প নিন সকলে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *