করোনা ওমিক্রন আতঙ্কে অনলাইনেই হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

রাজেন রায়, কলকাতা, ৯ ডিসেম্বর: করোনার কাঁটা সরিয়ে দীর্ঘ দেড়বছর পর খুলেছে কলেজের দরজা। করোনা বিধি মেনেই চলছে পঠনপাঠন। কিন্তু এই মুহূর্তে কলেজে ক্লাস চললেও পরীক্ষা হবে না অফলাইনে। শুধুমাত্র অনলাইনেই হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকত্তোরের বিজোড় সেমিস্টারের পরীক্ষা। বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু করোনা ভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনের বাড়বাড়ন্ত দেখা দিচ্ছে গোটা বিশ্বে। রেহাই পায়নি ভারত, তাই ঝুঁকি না নিয়ে গতবছরের মতোই চলতি বছরেও অনলাইনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের আসন্ন সেমিস্টারের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী জানিয়েছেন, ‘গতবারের মতোই ডিজিটাল প্ল্যাটফর্মে পরীক্ষা নেওয়া হবে। করোনার নতুন প্রজাতির খোঁজ পাওয়া গিয়েছে। তাই পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে কোনও শিক্ষক কিংবা পড়ুয়ারা করোনার এই নতুন প্রজাতিতে আক্রান্ত না হন, সেই দিকেই নজর রয়েছে। তাই অনলাইনেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

মুখ্যমন্ত্রীর ঘোষণা মতই ১৬ ডিসেম্বর থেকে খুলে গিয়েছে স্কুল-কলেজের দরজা চলছে পঠন পাঠন। কিন্তু করোনা বিধি মেনে সকল স্তরের পড়ুয়া নয়। শুধুমাত্র ক্লাস চলছে স্নাতকোত্তরের তৃতীয় সেমিস্টারের পড়ুয়াদের। স্নাতকদের ক্ষেত্রে কলেজে তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের ক্লাস হচ্ছে। জানুয়ারি মাসেই হবে পরীক্ষা। প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে। সবকটি পরীক্ষাই হবে অনলাইনেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *