আমাদের ভারত, ৬ মে: কলকাতার কাশীপুরে বিজেপি যুব মোর্চার নেতা অর্জুন চৌরাশিয়ার রহস্য মৃত্যুর ঘটনায় বিচার বিভাগের হস্তক্ষেপে দাবিতে জনস্বার্থ মামলা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিজেপির তরফে জরুরী ভিত্তিতে প্রধান বিচারপতির হস্তক্ষেপের আবেদন জানিয়েছিল আইনজীবী সুবীর সান্যাল। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই আবেদন গ্রহণ করেছেন।
শুক্রবার সকালে কাশীপুরের রেল কোয়ার্টারের একটি পরিত্যক্ত ঘর থেকে অর্জুনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। তার পরিবারের দাবি অর্জুনকে খুন করা হয়েছে। অর্জুনের মা বলেছেন, তার ছেলে অনেকদিন ধরেই তৃণমূলের নজরে ছিল। ভোটের পর বহুদিন ঘর ছাড়া থাকতে হয়েছে তার ছেলেকে। অর্জুনের বোন সুনিতা অভিযোগ করেছেন, তার ভাই নিখোঁজ হওয়ার কথা চিৎপুর থানায় জানানো সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
এই পরিস্থিতিতে আইনজীবী সুবীর সান্যাল শুক্রবার আদালতে বলেন, ওই বিজেপি কর্মীর মা দাবি করেছেন তার ছেলেকে খুন করা হয়েছে। ঝুলন্ত অবস্থায় অর্জুনের পা মাটিতে ঠেকে ছিল। আত্মহত্যা করলে এমনটা হতে পারে না। তাকে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন তোলা হয়েছে, অর্জুনের দেহ উদ্ধার করে কেন তড়িঘড়ি ময়নাতদন্ত করাতে চাইছে পুলিশ সেটা নিয়েও।
আইনজীবী দাবি করেছেন, রাজ্যের সরকারি চিকিৎসকদের দিয়ে ময়নাতদন্ত না করিয়ে দিল্লির এইমসের বিশেষজ্ঞদের এনে ময়না তদন্ত করানো হোক।

