আমাদের ভারত, আলিপুরদুয়ার, ৭ জুন: আবারো চা-বাগানে খাঁচাবন্দী হল একটি লেপার্ড। রবিবার আলিপুরদুয়ারের বীরপাড়া চা বলয়ের গোপালপুর চা-বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি হয়েছে একটি পূর্ণ বয়স্ক লেপার্ড।
স্থানীয়দের থেকে জানা গেছে, বেশ কিছুদিন ধরে গোপালপুর চা-বাগানের মোহনপুর এলাকায় চিতাবাঘের আনাগোনা টের পাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় বনদফতরকে। এরপর স্থানীয়দের দাবিতে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতা হয় চা-বাগানের ৪নং সেকশনে। তাতেই রবিবার ধরা পড়ে ওই চিতাবাঘটি।

এদিকে চিতাবাঘ আটকের খবর পেয়ে দ্রুত জলদাপাড়া বনবিভাগের মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা সেখানে পৌছন। সেখান থেকে খাঁচা বন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে জলদাপাড়া জাতীয় উদ্যানে নিয়ে গেছেন। প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটিকে ফের জঙ্গলের গভীরে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বনকর্তারা।

