প্রার্থী তালিকা “পরে জানানো হবে” লিখেই ৮ ওয়ার্ডে বামফ্রন্টের চমক দক্ষিণ দিনাজপুরে, মনোনয়নের শেষ তিনদিন আগেও অসম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ

পিন্টু কুন্ডু, আমাদের ভারত, বালুরঘাট, ৬ ফেব্রুয়ারি: মনোনয়ন জমা দেবার শেষ ৩ দিন আগে অসম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ বামফ্রন্টের। জেলার বালুরঘাট ও গঙ্গারামপুর পুরসভার ৮ টি ওয়ার্ডে “পরে জানানো হবে” লিখেই চমক লাল বাহিনীর। যদিও প্রার্থী খুঁজে পাচ্ছে না বলে কটাক্ষ করেছে বিরোধীরা। রবিবার বিকেলে বামফ্রন্টের ওই অসম্পূর্ণ তালিকা প্রকাশ্যে আসতেই রীতিমতো আলোড়ন পড়েছে গোটা দক্ষিণ দিনাজপুরে।

রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশানুসারে চলতি মাসের ৯ তারিখ মনোনয়ন জমা দেবার শেষদিন। রবিবার ছুটির দিনকে কাজে লাগিয়ে প্রার্থী ঘোষণা করতে বসে দক্ষিণ দিনাজপুর জেলা বামফ্রন্ট। সেই তালিকা প্রকাশ করতে গিয়েই হোঁচট খায় নেতৃত্বরা। এদিন বালুরঘাটের সাড়ে তিন নম্বর মোড়ে অবস্থিত বামফ্রন্টের জেলা কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকের ডাক দেয় নেতৃত্বরা। যেখানে সিপিএমের তরফে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস, আরএসপির রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরী সহ অনান্য বামফ্রন্টের জেলা নেতৃত্বরা। এদিন সেখানে তালিকা ঘোষণা করতেই সামনে আসে সেই অসম্পূর্ণ তালিকা। বালুরঘাট পুরসভার ২৫ টি ওয়ার্ডের মধ্যে ৩ টিতে জানানো হয় প্রার্থীদের নাম পরে জানানো হবে। একই ভাবে গঙ্গারামপুর পুরসভার ১৮ টি ওয়ার্ডের মধ্যে ৫ টি ওয়ার্ডের প্রার্থীদের নাম পরে জানানো হবে। যাকে ঘিরেই সামনে আসে দক্ষিণ দিনাজপুর জেলা বামফ্রন্টের সাংগঠনিক কঙ্কালসার চেহারা। মনোনয়ন জমা দেবার ৩ দিন আগেও কেন সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে পারল না বামফ্রন্ট তা নিয়েই জেলার দুই শহরে শুরু হয়েছে জোর চর্চা। যদিও বামফ্রন্টের দাবি, রাজনৈতিক গোপনীয়তার কারণেই ওই ৮ টি ওয়ার্ডের প্রার্থীদের নাম গোপন রাখা হয়েছে।

উল্লেখ্য, বালুরঘাট শহরের ২৫ টি ওয়ার্ডের মধ্যে ১৯ টি ওয়ার্ডে এবারে প্রার্থী দিচ্ছে আরএসপি, বাকি ৬ টিতে প্রার্থী দিচ্ছে সিপিএম। একইভাবে গঙ্গারামপুর পুরসভার ১৮ টি ওয়ার্ডের মধ্যে ১ টি আরএসপি ও ১ টি সিপিআইকে ছেড়ে বাকি ১৬ টিতে সিপিএম প্রার্থী দিচ্ছে।

সিপিএমের জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস জানান, জেলার এই দুই পুরসভার মেয়াদ কয়েক বছর আগেই শেষ হয়েছে। তবুও গণতান্ত্রিক নিয়ম ভেঙ্গে নগ্নভাবে রাজনৈতিক লোকেদের বসিয়ে পুর প্রশাসন চালাচ্ছিল শাসক দল। অবশেষে নির্বাচনের যে নির্ঘন্ট বেজেছে, সেখানেও হিংসার আশঙ্কা করছে বাম দলগুলি। সমস্ত শরিকরা একত্রিত হয়েই বালুরঘাট ও গঙ্গারামপুর পুরসভায় প্রার্থী দেওয়া হয়েছে। পুরনির্বাচনেও একজোট হয়ে প্রতিদ্বন্দ্বীতা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *