গাইঘাটায় উপস্বাস্থ্য কেন্দ্রের গেট বন্ধ করে মাইক বাজিয়ে গান ও পিকনিকের আসর

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবস উপলক্ষে উপস্বাস্থ্য কেন্দ্রের মেনগেট বন্ধ করে মাইক বাজিয়ে গভীর রাত ধরে চলল গানবাজনা সহ পিকনিকের আসর। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ধর্মপুর পঞ্চায়েত এলাকায়। অভিযোগ স্থানীয় নেতাজী স্পোর্টিং ক্লাবের সদস্যরা এমন ঘটনা ঘটিয়েছে।

স্থানীয় সূত্রের খবর, ধর্মপুর পঞ্চায়েত এলাকার নেতাজি স্পোর্টিং ক্লাবের সদস্যরা স্বাধীনতা দিবস উপলক্ষে দুদিন আগেই উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে বাঁশের প্যান্ডেল
বেঁধেছিল। এদিন সকাল থেকে মাইক বেঁধে স্বাধীনতা দিবস পালন করেন। সারা দিন ধরে চলে বিভিন্ন খেলাধুলার পর্ব। এরপর গভীর রাত পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্রের মেন গেট বন্ধ করে গানবাজনা সহ পিকনিকের আসর বসায় ক্লাব সদস্যরা, এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দারদের।

গাইঘাটা স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক সুজন গাইন বলেন, যদিও সকাল থেকে এমন অভিযোগ আমার কাছে আসেনি। তবে তদন্তের জন্য আমি এক ম্যাডিকেল অফিসারকে জানিয়েছি। এমন ঘটনা ঘটলে থানায় অভিযোগ করার কথাও জানিয়ে দিয়েছি।

গাইঘাটা বিধানসভার তৃণমূলের কনভেনার রাজ কুমার মিত্র বলেন, উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে মাইক বাজিয়ে পিকনিকের আসর বসানো উচিৎ না। তবে কে বা কারা একাজ করেছে তা আমরা দলগত ভাবে দেখছি।

ক্লাব সদস্য রাজু মণ্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, সকালে বৃষ্টির কারণে উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে স্বাধীনতা দিবস পালন করছিল ক্লাবের সদস্যরা। সন্ধ্যার সময় এলাকার শিশুদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। মাইক বাজানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *