রাজেন রায়, কলকাতা, ১৫ জুন: লকডাউনের কড়া বিধি নিষেধে কিছু ছাড় দিলেও এবার বন্ধ রয়েছে পরিবহন। এখন থেকে ২৫ শতাংশ কর্মী নিয়ে চালু থাকবে সরকারি অফিস। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে বেসরকারি সংস্থা। ২৫ শতাংশ কর্মী নিয়ে অফিস খুলতে পারবে বেসরকারি সংস্থাগুলি। আর সকাল ১০টা থেকে ২টো পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে যাতায়াতের সুবিধা করে দিতে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে রাজ্য পরিবহণ দফতর। সেক্ষেত্রে স্টাফ স্পেশাল বেশ কয়েকটি বাস চালু করা হতে পারে বিভিন্ন রুটে বলে খবর। সূত্রের খবর, বুধবার থেকেই রাজ্যের প্রতিটি ডিপোর বাস কর্মীদের অর্থাৎ বাস চালক, খালাসি, কন্ডাক্টর, মেনটেনেন্স বিভাগের কর্মীদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ধাপে ধাপে চালু করা হবে বাস পরিষেবা, এমনই ইঙ্গিত মিলেছে রাজ্যের তরফে। পাশাপাশি পুরনো স্টাফ স্পেশাল বাস পরিষেবা বাড়ানো হবে।

