রাজেন রায়, কলকাতা, ২৭ জুন: প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। সারা দেশের সঙ্গে এ রাজ্যে পেট্রোলের দাম ১০০ ছুঁইছুঁই। তাই বাস ভাড়া বাড়ানোর জন্য রাজ্য সরকারের কাছে দাবি পেশ করার পথে বাস ও মিনিবাস মালিক সংগঠনগুলি। কোন ধাপে কত ভাড়া বাড়বে, তা রীতিমত তালিকা করে জানানো হবে পরিবহণ দফতরকে।
রবিবার বাস মালিক সংগঠনগুলির মিটিংয়ে বর্ধিত বাস ভাড়ার প্রস্তাবিত একটি তালিকাও প্রাথমিক ভাবে স্থির করা হয়। আগামী সপ্তাহে পরিবহন দফতরের ভাড়া নিয়ন্ত্রক তিন সদস্যের রেগুলারিটি কমিটির কাছে এই প্রস্তাবিত ভাড়ার তালিকা পেশ করবেন বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা।
তাদের প্রস্তাব, বেসরকারি বাসের ক্ষেত্রে চার কিলোমিটারের জন্য প্রস্তাবিত ভাড়া ১০ টাকা। চার থেকে আট কিলোমিটারের জন্য প্রস্তাবিত ভাড়া হবে ১৫ টাকা। আট থেকে ১২ কিলোমিটারের জন্য প্রস্তাবিত ভাড়া হবে ২০ টাকা। ১২ থেকে ১৬ কিলোমিটার পর্যন্ত প্রস্তাবিত ভাড়া হবে ২৫ টাকা।
মিনিবাসের ক্ষেত্রে শূন্য থেকে তিন কিলোমিটারের জন্য বর্ধিত হারে নতুন প্রস্তাবিত ভাড়া ১০ টাকা। ৩ থেকে ৬ কিলোমিটারের জন্য ১৫ টাকা। ছয় থেকে দশ কিলোমিটারের জন্য ২০ টাকা প্রস্তাবিত ভাড়া ধার্য করা হয়। ডিজেলের দাম ৫ টাকা বাড়লে বাস ভাড়া প্রতি স্টেজে এক টাকা করে বাড়ানোর প্রস্তাব দেওয়া হবে রাজ্য সরকারকে। আগামী সপ্তাহে এই প্রস্তাব পরিবহন দপ্তরে জানানো হবে।

