ঊর্ধ্বমুখী ডিজেল, কেরোসিনে চলছে বাস, ধড়-পাকড় শুরু হতেই বালুরঘাটে বাস বন্ধ করে প্রতিবাদ চালক ও মালিকদের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১০ এপ্রিল: যাত্রীবাহী গাড়িতে কেরোসিন তেলের ব্যবহার বন্ধ করতে আরটিও’র অভিযান বালুরঘাট বাস স্ট্যান্ডে। তিনটি গাড়িকে হাতেনাতে পাকড়াও করে জরিমানা ধার্য আঞ্চলিক পরিবহন অধিকর্তার। প্রতিবাদে বাস পরিষেবা বন্ধ করে আন্দোলন বাস চালক ও মালিকদের। রবিবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। বন্ধ হয়ে যায় বালুরঘাট পৌর বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার রুটের সমস্ত গাড়ি চলাচল। আর যার জেরে এদিন সকাল থেকে চরম বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। যদিও কেরোসিনের দাবি উড়িয়ে বেসরকারি বাস সংগঠনের দাবি, বাস চলাচল এমনিতেই বন্ধ করে দেওয়া হয়েছে। যে হারে ডিজেলের দাম বেড়েছে তাতে প্রতিদিনই ক্ষতির হিসাব গুনতে হচ্ছে বাস মালিকদের। বাস কর্মীরাও তাদের পেশা বদল করতে বাধ্য হচ্ছেন।

ডিজেলের মূল্যবৃদ্ধি হতেই বালুরঘাটে চাহিদা বাড়ে কেরোসিন তেলের। পরিবেশ দূষন আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেসরকারি বাসগুলিতে চলছিল দেদার কেরোসিনের ব্যবহার। ডিজেলের পরিবর্তে গোপনে চলছিল কেরোসিনের যথেচ্ছ ব্যবহার। যে খবর পেতেই রবিবার সাত সকালে বালুরঘাট বাসস্ট্যান্ডে হাজির হন আরটিও’র নেতৃত্বে একটি বিশেষ টিম। পৌর বাসস্ট্যান্ডে অভিযান চালাতেই তিনটি গাড়িতে কেরোসিন তেলের ব্যবহার দেখে তাদের মোটা টাকার জরিমানা ধার্য করেন পরিবহন দপ্তর। যার পরেই এব্যাপারে সরব হয়ে বেসরকারি বাস পরিষেবা বন্ধ করে দেন চালক ও মালিকরা।

বাস সংগঠনের তরফে মানস চৌধুরী জানিয়েছেন, সরকারি ভাবে ভাড়া বৃদ্ধি করতে হবে। তাছাড়া এই সমস্যার সমাধান হবে না। বিগত বেশ কিছুদিন ধরে তারা ক্ষতির মুখে দাঁড়িয়ে থাকবার পরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

গণেশ সাহা নামে এক যাত্রী জানিয়েছেন, গাড়িতে কেরোসিন তেল ব্যবহার করায় আরটিও তিনটি গাড়িকে জরিমানা করেছে। যার প্রতিবাদে বাস চলাচল বন্ধ করেছে চালকরা। আর যার জেরে সকাল থেকে চরম সমস্যায় পড়েছেন তারা।

এক বাস চালক ক্ষুদিরাম মৈত্র বলেন, ডিজেলের দাম প্রতিদিন যেভাবে বেড়েছে তাতে ভাড়া বাড়েনি। তাহলে বাসগুলো চলবে কি করে। এদিকে বাসে কেরোসিন ব্যবহারের কারণে মোটা টাকার জরিমানা করেছে আরটিও। যার প্রতিবাদেই এমন আন্দোলন তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *