আমাদের ভারত, ২৪ নভেম্বর: হজরত মহাম্মদকে অপমান করা হয়েছে। এই অভিযোগ তুলে বাস কন্ডাক্টরের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করলেন কুড়ি বছরের এক মুসলিম যুবক। একটি ভিডিও প্রকাশ করে নিজের অপরাধও স্বীকার করেছে সে। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে।
পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত যুবক লড়েব হাশমি ইঞ্জিনিয়ারিং- এর প্রথম বর্ষের ছাত্র। শুক্রবার সকালে বাসে ওঠেন হাশমি। অভিযোগ, প্রথমে বাস কন্ডাক্টরের হরিকেশ বিশ্বকর্মার সঙ্গে টিকিটের ভাড়া নিয়ে বচসায় জড়িয়ে পড়ে হাসমি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে খানিক পরে ওই ছাত্র হরিকেশের কাঁধ সহ শরীরের একাধিক অংশে আঘাত করে ধারাল অস্ত্র দিয়ে।
ঘটনায় গুরুতর চোট পান হরিকেশ। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি জটিল বুঝে বাস থেকে ঝাঁপ দিয়ে নেমে কলেজ চত্বরে গিয়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেন হাশমি। পরে সেখানে একটি ভিডিও শুট করে তার সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন তিনি। ভিডিওতে তিনি দাবি করেন, হজরত মহম্মদকে অসম্মান করার কারণেই তিনি ওই বাস কন্ডাক্টরের উপর হামলা করেছেন। এমন কি যে অস্ত্র দিয়ে হামলা করেছেন সেটিও দেখান। এখানেই শেষ নয়। ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যদের নাম নিতেও শোনা যায় তাকে।
খবর পেয়ে কলেজ চত্বরে পৌঁছায় পুলিশ। অভিযুক্তর কাছ থেকে অস্ত্র উদ্ধার করতে গেলে পুলিশের উপর গুলি চালায় হাশমি। পাল্টা তার পায়ে গুলি চালায় পুলিশ। তারপরেই তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

