শ্রীলঙ্কায় নিষিদ্ধ হলো বোরখা, হাজারের উপর ইসলামিক স্কুল বন্ধ করার নির্দেশ দিল সরকার

আমাদের ভারত, ১৩ মার্চ: এবার বোরখা নিষিদ্ধ হতে চলেছে শ্রীলঙ্কায়। একই সঙ্গে এক হাজারেরও বেশি ইসলামিক স্কুল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবারে এমনটিই জানিয়েছেন সেদেশের মন্ত্রী শরথ বীরাসেকেরা। ইতিমধ্যেই এই সংক্রান্ত আইন প্রণয়ন করতে প্রয়োজনীয় কাগজপত্র সহ করে ফেলেছেন তিনি। এখন শুধু অপেক্ষা মন্ত্রিসভায় অনুমোদনের।

মন্ত্রীসভার অনুমোদন পেলেই শ্রীলঙ্কায় বোরখা পরা নিষিদ্ধ হয়ে যাবে। পাশাপাশি বন্ধ হবে ইসলামিক স্কুল গুলিও। মন্ত্রী জানিয়েছেন জাতীয় সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর কথায়, অতীতে আমাদের এখানে মুসলিম মহিলারা কখনোই বোরখা পড়তেন না। এটা আসলে ধর্মীয় গোঁড়ামির প্রতীক, যা বর্তমানে হঠাৎ করে বেড়ে উঠেছে। আমরা এটাকে অবশ্যই নিষিদ্ধ করব।

একইসঙ্গে হাজারেরও বেশি ইসলামিক স্কুল বন্ধ করার প্রসঙ্গে তিনি বলেন, এই স্কুলগুলি জাতীয় শিক্ষানীতি লংঘন করছে, তাই এই সিদ্ধান্ত। তার কথায় কেউ হঠাৎ করে নিজে থেকে একটি স্কুল খুলে ফেললো আর বাচ্চাদের যা ইচ্ছা শেখাতে শুরু করলো এটা কখনোই হতে পারেনা।

প্রসঙ্গত উল্লেখ্য ২০১৯ সালে ইস্টার সানডেতে ধারাবাহিক বিস্ফোরণে জেরে সাময়িকভাবে শ্রীলঙ্কায় বোরখা পরা নিষিদ্ধ করা হয়েছিল। হোটেল ও চার্চের বিস্ফোরণে ২৫০-র বেশি মানুষের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ৫০০-র বেশি মানুষ। সন্ত্রাসবাদি সংগঠন আইএসআইএস এই হামলার দায় স্বীকার করে।

অন্যদিকে গত বছর করোনা পরিস্থিতিতে ভাইরাসে মৃত রোগীদের জাতি-ধর্ম নির্বিশেষে দাহ করার সরকারি সিদ্ধান্ত নেয় শ্রীলংকা সরকার। এই সিদ্ধান্তে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন মুসলিম নাগরিকরা। এর জন্য শ্রীলঙ্কা সরকারকে রাষ্ট্রসঙ্ঘে সমালোচনার মুখে পড়তে হয়েছিল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *