জয় লাহা, দুর্গাপুর, ২০ জুলাই: রেল লাইনে কাজ চলছে। সেই কারণে তুলে ফেলা হয়েছে পিচে আস্তরন। লাইনের পাথরও তোলা হয়েছে। আর তার ওপর দিয়ে যাওয়ার সময় আটকে পড়ল স্লাগ বোঝাই বাল্কার। বাল্কার আটকে পড়ায় আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচলে থমকে পড়ে। বুধবার ঘটনাটি ঘটেছে আসানসোল- বর্ধমান লাইনের মানকর রেলস্টেশনের ৯৪ নং রেলগেটে।
ঘটনায় জানা গেছে, মানকর স্টেশনের পুর্ব ও পশ্চিম দিকে দুটি রেলগেট রয়েছে। ওই লাইন পার করে বুদবুদ–গুসকরা ১৪ নং রাজ্য সড়কে চলে গেছে। বুধবার পুর্ব রেলগেট এলাকায় লাইনের কাজ চলছিল। তার জেরে ওই গেট দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। পশ্চিম প্রান্তের ৯৪ নং রেলগেট দিয়ে যানবাহন চলাচল করছিল। কিন্তু দুদিন আগে ওই রেলগেটে এলাকায় লাইনে কাজ হওয়ায় পিচের আস্তরন তুলে ফেলা হয়েছে। ফলে লাইনের পাথর বেরিয়ে পড়েছে। তাছাড়াও ওই রেলগেটের রাস্তা সংকীর্ন।
এদিন বেলা ১০ টা নাগাদ একটি বাল্কার পার হওয়ার সময় রেললাইনের ওপর আটকে পড়ে। আর তাতেই ঘটে বিপত্তি। তার জেরে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল থমকে যায়। আটকে পড়ে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ। প্রায় ঘন্টাদুয়েক পর তিনটি ক্রেন দিয়ে বাল্কারটিকে সরানো হয়। তারপর বেলা পৌনে ১ টা নাগাদ পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

