(ছবি:-কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক মাননীয় শ্রী বুদ্ধদেব দত্ত’র সঙ্গে দিল্লির বিজ্ঞান ভবনে)
সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৫ সেপ্টেম্বর: বাঁকুড়া জেলার জয়পুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বুদ্ধদেব দত্ত লাভ করলেন জাতীয় শিক্ষকের সম্মান।তিনি দিল্লির বিজ্ঞান ভবনে শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে মানপত্র গ্ৰহণ করবেন। এই রাজ্য থেকে তিনিই একমাত্র শিক্ষক যিনি এই সম্মানে ভূষিত হলেন।

সর্বপল্লী রাধাকৃষনের জন্মদিনটি শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। ওই দিনই শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে “জাতীয় শিক্ষক” এর সম্মান প্রদান করা হয় ভারত সরকারের পক্ষ থেকে। এবছর মোট ৪৬জন শিক্ষককে এই সম্মান দেওয়া হচ্ছে। জাতীয় শিক্ষকের সম্মান প্রাপ্তিতে বুদ্ধদেব বাবু সকল অভিভাবক, ছাত্র, আধিকিরিক ও সমস্ত শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তাঁর বক্তব্য, একদা এই স্কুলেই প্রাথমিকের পাঠ নিয়েছেন, এখন শিক্ষক। এর ফলে দায়িত্ব আরও বেড়ে গেল। তার এই সম্মান প্রাপ্তিতে জেলার শিক্ষানুরাগী ও এলাকার বাসিন্দারা গর্বিত। আজ দিল্লির বিজ্ঞান ভবনে বুদ্ধদেববাবুকে শুভেচ্ছা জানান, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। অপরদিকে বুদ্ধদেব বাবুর এই সম্মান প্রাপ্তিতে তার গর্ভধারিনী মা’কে সুভাষ বাবু শ্রদ্ধা জ্ঞাপন করেন। তার জয়পুরের বাড়িতে তার প্রতিনিধি হিসেবে আপ্ত সহায়ক সানু কুন্ডু, বিজেপির বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুনীল রুদ্র মন্ডল ও বিল্লেশ্বর সিংহ।

