সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ মে: ফের ভারত- বাংলাদেশ সীমান্ত থেকে ২৫টি সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ। যার ওজন ২ কেজি সাড়ে ন’শো গ্রাম। এর বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৮০ লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল থানার মধুপুর এলাকায়। বিএসএফ জানিয়েছে, ধৃত পাচারকারির নাম আমির মন্ডল। গাঁড়াপোতা গ্রামের বাসিন্দা।

বিএসএফ সূত্রের খবর, এদিন গোপন সূত্রে বিএসএফ জওয়ানদের কাছে খবর আসে, ভারত- বাংলাদেশ সীমান্ত মধুপুর এলাকা দিয়ে প্রচুর সোনা পাচার হবে। সেই মতো বিএসএফ জওয়ানরা সাদা পোষাকেই এলাকায় টহল দেয়। সীমান্তের রাস্তায় ঘোরাফেরাকারী সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে। জওয়ানরা তাকে তল্লাশি করলে তার কোমরে বাঁধা ২৫টি সোনার বিস্কুট উদ্ধার করে। এরপর জওয়ানরা পাচারকারীকে সীমান্ত চৌকিতে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে ওই পাচারকারী আমির মন্ডল জানায়, বাংলাদেশের আশাদুল মন্ডলের কাছ থেকে সে এই সোনার বিস্কুটগুলি নিয়েছিল। তারপর সে এই সোনার বিস্কুটগুলি বনগাঁ থানার গাঁড়াপোতা গ্রামের বাসিন্দা পরেশের হাতে তুলে দিতে যাচ্ছিল। এই কাজের জন্য সে তিন হাজার টাকা পেয়েছে। শুক্রবার সকালে ধৃতকে শুল্ক দফতরের হাতে তুলে দেয়।
বিএসএফের এক আধিকারিক বলেন, সীমান্তে বসবাসকারী লোকদের কাছে আবেদন করেছে, যে যদি তাদের নজরে সোনা চোরাচালান সম্পর্কিত কোনো তথ্য জানতে পাড়েন, তাহলে তারা বিএসএফকে জানায়। হেল্পলাইন নম্বর ১৪৪১৯ এ যোগাযোগ করতে পারেন। সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত পুরস্কারের অর্থ প্রদান করা হবে এবং তার পরিচয় গোপন রাখা হবে।

