সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩ নভেম্বর: পণ্য খালি হওয়া ট্রাক থেকে উদ্ধার ৬০টি সোনার বিস্কুট। গ্রেফতার ট্রাকের চালক। বুধবার রাতে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত থেকে উদ্ধার করা হয় সোনাগুলি। এক চোরাকারবারীকে গ্রেফতার করেছেন বিএসএফ জওয়ানরা।
সীমান্তে সোনা উদ্ধারের ঘটনা নতুন কিছু নয়। প্রতিদিনই বাংলাদেশ থেকে সোনা আসছে কোটি কোটি টাকার। ধৃত ট্রাক চালকের নাম সুরজ মগ, বনগাঁর জয়পুর এলাকার বাসিন্দা সে।
বিএসএফ জানিয়েছে, এদিন মোট ৬০টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। যার ওজন প্রায় ৬ কেজি ৯৯৮ গ্রাম। বর্তমান বাজারে যার মূল্য প্রায় ৪ কোটি ৩২ লক্ষ ৮৬ হাজার ২১৭ টাকা। বিএসএফ জানিয়েছে, ভারতীয় ট্রাক বাংলাদেশে পণ্য খালি করে ভারতে আসার পর বিএসএফ জওয়ানরা তাল্লাশি চালায়। তারপর ইমিগ্রেশন হয়ে ট্রাকগুলি বেরিয়ে যায়। প্রতিদিনের মতো এদিনও বাংলাদেশ থেকে পণ্য খালি করে আসার পর ট্রাকটি তল্লাশি চালায় বিএসএফ। তল্লাশির সময় ট্রাকের কেবিনের থেকে ৬০টি সোনার বিস্কুট গুলো উদ্ধার করে ১৪৫ নম্বর বিএসএফ জওয়ানরা। গ্রেফতার করা হয় চালককে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বিএসএফ আধিকারিক জানতে পারে, সোনাগুলি যশোরের বাসিন্দা আমিরুল আলম নামে এক ব্যক্তি তাঁর কাছে দিয়েছে। সোনার
বিস্কুটগুলি বনগাঁ শহর থেকে বাবুল সাহা নামে এক ব্যক্তির হাতে তুলে দেওয়ার কথা ছিল। এই কাজের জন্য ওই পাচারকারী চালক ১০ হাজার টাকা পাবে। কিন্তু তাঁর আগেই বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়ে যায়।
স্থানীয়রা জানিয়েছে, সোনা পাচারের ঘটনা পেট্রাপোল সীমান্তে নতুন কিছু নয়। প্রতিদিনি কয়েক কোটি টাকার সোনা ধরা পরছে।
যেগুলি ধরা পড়ছে তার খবর পাওয়া যায়, যা বিএসএফ জওয়ানদের নজর এড়িয়ে পাচার হচ্ছে তার খবর পাওয়া যাচ্ছে না। উদ্ধার হওয়া সোনার বিস্কুট সহ ধৃত ট্রাক চালককে শুল্ক দফতরের হাতে হস্তান্তর করেছে বিএসএফের ১৪৫ নম্বর ব্যাটালিয়নের জাওয়ানরা।

