রাজেন রায়, কলকাতা, ২০ মার্চ: ফের সরকারি হোমে নির্মম অত্যাচারের শিকার বালিকা। দমদমের সরকারি হোমে এক ৯ বছরের বালিকাকে যৌনাঙ্গে লঙ্কার গুড়ো ঘষে দেওয়ার পাশাপাশি খুন্তি দিয়ে করা হয়েছে আঘাত। উঠেছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। আরও অভিযোগ, মাস চারেক ধরে তার উপর ওই হোমের সিনিয়র দিদিরা অকথ্য অত্যাচার চালিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই বালিকা ভর্তি হাসপাতালে।
জানা গিয়েছে, ওই বালিকার বাবা-মা দু’জনেই মারা গিয়েছেন। ক্যানিংয়ের তালদি এলাকার কৃষ্ণ কলোনি গ্রামে মাসির বাড়িতে থাকত দু’বোন। মাস চারেক আগে কাউকে কিছু না জানিয়ে তাদের দমদমের একটি হোমে রেখে দিয়ে আসেন মেসো। মাসির বক্তব্য, স্বামীকে সঙ্গে নিয়ে একপ্রকার জোর করেই ওই দুই বালিকাকে দেখতে যান তিনি। হোমে গিয়ে দেখেন, বারান্দার এক কোণে পড়ে রয়েছে আক্রান্ত ওই বালিকা। সারা শরীরের দগদগে ক্ষত। এরপর তড়িঘড়ি ওই বালিকা ও তার বোনকে ক্যানিংয়ের নিজের বাড়িতে ফিরিয়ে আনেন তিনি। ঘটনাটি জানাজানি হওয়ার পর এক প্রতিবেশী খবর দেন ক্যানিং থানা ও দক্ষিণ ২৪ পরগনা জেলা চাইল্ড লাইনে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ওই বালিকার বাড়িতে এসেছিল। তবে, পুলিশ কর্মীরা জানান, ঘটনাটি যেহেতু দমদমে ঘটেছে, তাই সেখানকার থানাতেই অভিযোগ দায়ের করতে হবে। আপাতত ওই বালিকাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে ক্যানিং মহকুমা হাসপাতালে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

