আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ২৪ ডিসেম্বর: দিদিকে ডিভোর্স না দেওয়ায় জামাইবাবুর গলায় তরোয়ালের কোপ মারল শালা। ঘটনায় গুরুতর জখম জামাইবাবু কৃষ্ণ কর্মকারকে হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে বীরভূমের রামপুরহাট পুরসভার তিন নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুর এলাকায়।
জানা গিয়েছে, বীরভূমের মল্লারপুরের বাসিন্দা কৃষ্ণ কর্মকারের সঙ্গে বিয়ে হয়েছিল রামপুরহাটের শ্রীফলা এলাকার বাসিন্দা বিশাল মালের বোনের সঙ্গে। বিশালের পরিবার কৃষ্ণ কর্মকারের সঙ্গে ডিভোর্স চাইছিল। তাতে কৃষ্ণকান্ত রাজি হচ্ছিল না। গতকাল নিশ্চিন্তপুরে নিজের মাসির বাড়িতে ঘুমিয়ে ছিলেন কৃষ্ণ কর্মকার। সেই সময় বিশাল তার বাড়িতে ৫-৭ জন বন্ধুকে সঙ্গে নিয়ে এসে কৃষ্ণ কর্মকারের উপর চড়াও হয়। তার গলায় তরোয়ালের কোপ মারে। ঘটনায় রক্তাক্ত হয়ে যায় সে। চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে ঘাতক শালা বিশাল মালকে ধরে ফেলেন। এরপর তাকে বেদম প্রহার করে। পরে পুলিশের হাতে তুলে দেন এলাকার মানুষজন।

ছবি: অভিযুক্ত শালা।

