আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১ মার্চ: ব্রিগেডের লোক দেখিয়ে ভোট হয় না। নির্বাচনে প্রমাণ করতে হয়। জোটের এই ব্রিগেডে কি হলো সেটা বোঝা যাবে ২ মে ভোট গণনার পর। জোটের ব্রিগেড সভার প্রতিক্রিয়ায় বললেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, বিভিন্ন জায়গা থেকে লোক জড়ো করে নিয়ে এলেই কি হবে? এই লোকগুলোকে কি প্রভাবিত করতে পারবে? তাদের ভোট কি তারা পাবে? আমি তো শুনলাম অনেককে আবার ৩০০ টাকা, ৫০০ টাকা দিয়ে ব্রিগেডে নিয়ে গেছে বাম, কংগ্রেস, তাদের খাবার দিয়েছে। কিন্তু তারা কি জোটের প্রার্থীদের ভোট দেবে? জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, আমরা যে ব্রিগেড করেছিলাম অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্রিগেড করেছিলেন সেরকম কেউ করতে পারেনি, সেটা সর্বকালীন রেকর্ড। তাছাড়া, দুটো দল আর আব্বাস সিদ্দিকী মিলে ব্রিগেড করেছে, এ নিয়ে হৈচৈ এর কি আছে? খাদ্যমন্ত্রীর প্রশ্ন, গত লোকসভা ভোটে সিপিএমের যে ভোট বিজেপিতে চলে গেছে সেই ভোট কি ফিরে আসবে বামেদের? যদি ভোট বিজেপির থেকে ফিরে বামেদের দখলে আসে, তবে বুঝব ওদের ব্রিগেড সার্থক। এরকম লোক দেখানো ব্রিগেড করে লাভ নেই। পয়সা দিয়ে লোক এনে ব্রিগেড ভরালে তার প্রতিফলন ভোটের বাক্সে হয় না।” বাম কংগ্রেস জোটের ব্রিগেড সমাবেশকে এই ভাষাতেই সমালোচনা করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
পাশাপাশি বিজেপির সমালোচনা করেন বলেন বিজেপিও বিভিন্ন সভায় টাকা দিয়ে লোক আনছে। হাবড়াতে মিটিং হলে বারাসাত, গাইঘাটা থেকে লোক আনছে, ওদের ব্রিগেডেও টাকা দিয়ে লোক আনবে। বিজেপি নেতারা বলছে ২০০ আসনে জিতবে। আমি বিভিন্ন এলাকায় মিটিং করে যা বুঝতে পারছি, বিজেপির ৪০ পার করতে পারবে কিনা সন্দেহ আছে, মমতা বন্দ্যোপাধ্যায় ২৩০ বিধায়ক নিয়ে আবার ক্ষমতায় আসবে।

