পুরুলিয়ায় বিজ্ঞানী জিওর্দানো ব্রুনোর ৪২২তম প্রয়াণ দিবস পালন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির

সাথী দাস, পুরুলিয়া, ১৭ ফেব্রুয়ারি: ছাত্র ছাত্রীদের হাতে পাঠ্য সামগ্রী তুলে দিয়ে মর্যাদার সঙ্গে বিজ্ঞানী জিওর্দানো ব্রুনোর ৪২২ তম প্রয়াণ দিবস পালন করল ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পুরুলিয়া জেলা শাখা। আজ তারা পুরুলিয়া শহরের ভগৎ সিং মূর্তির নিচে দিনটি পালন ও কর্মসূচি পালন করে। পুরুলিয়া শহরের বিশিষ্ট শিক্ষক, শুভানুধ্যায়ী, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

আয়োজক সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, আজকের আধুনিক বিজ্ঞানের যুগেও এই মহান মানুষটির জীবন চর্চা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ থেকে প্রায় সাড়ে চারশ বছর আগে এই বিজ্ঞানী সূর্য কেন্দ্রিক বিশ্বের যে ধারণা দিয়েছিলেন, সেই ধারণাকে জনমানুষের মধ্যে প্রচার চালিয়েছেন এবং শেষ পর্যন্ত পোপের রোষানলে পড়ে তাকে মৃত্যুবরণ করতে হয়। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির দাবি, এই সমস্ত বড় মানুষ, বিজ্ঞানের শহিদ, মানবতাবাদী বিজ্ঞানীদের জীবন চর্চার মধ্য দিয়ে আগামী দিনে বিজ্ঞান আন্দোলন গড়ে তোলার প্রেরণা পায়। “তাই ছাত্রছাত্রীদের মধ্যেও প্রয়াত বিজ্ঞানীর জীবন সকলের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এই উদ্দেশ্যেই আমাদের এই দিনটি উদযাপন।” বলে জানান
সোসাইটির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য স্বদেশ প্রিয় মাহাতো।

এদিন সোসাইটির পক্ষ থেকে ছোট ছোট ছাত্রছাত্রীদের হাতে সাধ্যমত কিছু পাঠ্য সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি কুসংস্কারের বিরুদ্ধে, পরিবেশ সচেতনতা মূলক, অবৈজ্ঞানিক ধারনার বিরুদ্ধে সর্বোপরি “মানুষের জন্য বিজ্ঞান, সমাজের জন্য বিজ্ঞান, চিন্তার ক্ষেত্রে বিজ্ঞান” এই স্বপ্ন নিয়ে তারা আগামী দিনে বিজ্ঞান আন্দোলন গড়ে তোলার অঙ্গীকারবদ্ধ বলে জানানো হয় সোসাইটির পক্ষে। তাদের প্রত্যাশা, পুরুলিয়া জেলার মানুষও বিজ্ঞান আন্দোলন গড়ে তোলার জন্য যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।

আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা শাখার সভাপতি তথা রাজ্য সহ-সভাপতি প্রধান শিক্ষক প্রহ্লাদ মাহাতো, জেলা কমিটির সম্পাদক রঞ্জিত জানা ও পুরুলিয়া জেলা কমিটির সহ-সম্পাদক, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য স্বদেশ প্রিয় মাহাতো। শহরের বিশিষ্ট নাগরিক, শিক্ষক এবং ছাত্র ছাত্রীরা। এই কর্মসূচিতে দুশো’র বেশি ছাত্র শিক্ষক অভিভাবক অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *