স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৬ আগস্ট:
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় এ বছর রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করল শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের ছাত্র ব্রতীন মন্ডল।
নদিয়ার শান্তিপুরের তিলিপাড়া মনসাতলার বাসিন্দা ব্রতীন ২০১৯ সালে মাধ্যমিক পরীক্ষায় ৬৮৯ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে তৃতীয় হয়। উচ্চমাধ্যমিকে পায় ৪২০। ব্রতীনের বাবা এবং মা পেশায় স্কুল শিক্ষক। বরাবরই ব্রতীন মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিল। মাধ্যমিকে চূড়ান্ত সাফল্যের পর উচ্চমাধ্যমিকের ফলাফল ছিল নজরকাড়া। স্কুলের শিক্ষকরা অন্য চোখে দেখত তাকে। এর পাশাপাশি পরিবারের আশা ছিল প্রত্যেকটি পরীক্ষাতেই ব্রতীন উল্লেখযোগ্য স্থান গ্রহণ করবে।
এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতেও সাফল্য নিয়ে পেয়েছে ব্রতীন। শুধু মাত্র শান্তিপুর নয় নদিয়া জেলার গর্ব হিসেবেই দেখছে সকলে ব্রতীনকে। ফলাফল প্রকাশ পাওয়ার পরেই উল্লাসে ভাসে শান্তিপুরবাসী এবং ব্রতীনের পরিবার। এর পাশাপাশি ফলাফলের খবর আসতেই উচ্ছ্বসিত হয়ে পড়ে শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তাদের দাবি, তারা জানত ব্রতীন ভালো ফলাফল করবে এটা নিশ্চিত। বর্তমানে ব্রতীন এবং তার মা-বাবা কলকাতার বাড়িতে রয়েছে।

