যশোর রোডে ফের ভেঙ্গে পড়ল ডাল, জখম গর্ভবতী মহিলা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ এপ্রিল: আবার যশোর রোডের পাশে থাকা গাছের ডাল ভেঙ্গে পড়ল। বুধবার বনগাঁ থানার কালোপুর বাজার এলাকায় ডাল ভেঙ্গে একটি ঘরে উপর পড়ে। ওই ঘরে আটকে পরে এক গর্ভবতী গৃহবধূ। ১৫ মে চাঁদপাড়া এলাকায় একটি দোকানের উপরে গাছের ডাল ভেঙ্গে দু’জনের মৃত্যু হয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা একটা নাগাদ চাঁদপাড়া কালোপুর বাজার এলাকায় মোটা গাছের ডাল স্থানীয় নারায়ণ সরকারের বাড়ির উপরে ভেঙ্গে পড়ে৷ সম্পূর্ণ বাড়িটি ক্ষয়ক্ষতি হলেও অন্য কেউ হতাহত হয়নি৷ নারায়ণবাবু তার দুই ছেলে ও বউমাকে নিয়ে কালোপুর বাজার সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে রয়েছেন৷ তার বড় ছেলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার
সন্তান সম্ভাবা৷ এদিন দুপুরে প্রিয়াঙ্কাদেবী ঘরে ঘুমিয়েছিলেন৷ সেই সময় হঠাৎ একটি মোটা ডাল ঘরের উপর ভেঙ্গে পড়ে। শব্দ শুনে আশপাশের লোকেরা ছুটে আসে৷ তারা দেখেন, গোটা গাছের ডাল ভেঙ্গে পড়েছে বাড়ির উপর৷ ঘরের মধ্যে আটকে প্রিয়াঙ্কা। এরপরই স্থানীয়রা গাছের ডাল সরিয়ে প্রিয়াঙ্কাকে উদ্ধার করে এক প্রতিবেশীর বাড়িতে নিয়ে যায়৷

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বেশ কিছু গাছ ভিতর থেকে শুকিয়ে গিয়েছে। বাইরে থেকে দেখে বোঝা যায় না। বৃষ্টির ফলে ডাল ভারি হয়ে যায়। তার ফলে ভেঙ্গে পড়ছে। আর এক বাসিন্দার কথায়, “আমাদের শান্তিতে বাঁচার অধিকার দেওয়া হচ্ছে না।” এক যান চালকের কথায়, “বিকল্প ব্যবস্থা না থাকায় আমাদের জীবনের ঝুঁকি নিয়েই গাড়ি চালাতে হচ্ছে এই পথে। সুরক্ষা বলে কিছু নেই।” পুলিশ কর্মীরাও রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে ভয় পাচ্ছেন। অনেক ক্ষেত্রে তাঁরা যশোর রোড এড়িয়ে ঘুরপথে যাতায়াত করেন।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *