পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: ধান জমি থেকে ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হলো এক বালকের দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের খুড়শি পঞ্চায়েতের দক্ষিণ পলাশি এলাকায়। শনিবার দুপুর নাগাদ জমিতে সার দিতে গিয়ে ব্যাগের মধ্যে মৃতদেহটি দেখতে পায় এলাকাবাসীরা।
স্থানীয় সূত্রে জানায়ায়, পোক্তাপোল থেকে দশগ্রাম যাওয়ার রাজ্য সড়কের দক্ষিণ পলাশী এলাকায় রাস্তার ধারে ধান জমি থেকে উদ্ধার হয় ব্যগটি। কেউ বা কারা এই ব্যাগটি ফেলে দিয়ে গিয়েছে বলে জানান তারা। সকালে ধানজমিতে সার দিতে গিয়ে নজরে আসে বিষয়টি। সন্দেহ হলে ব্যাগ খুলতেই দেখা যায় এক বালকের মুচড়ানো মৃতদেহ রয়েছে ভেতরে। এরপর এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নারায়ণগড় থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
পুলিশ সূত্রের খবর, আনুমানিক বছর বারোর বালকের দেহ উদ্ধার করেছে তারা। বালকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ প্রশাসন। সেইসঙ্গে কে বা কারা এই কাজ করেছে তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে নারায়ণগড় থানার পুলিশ।

