আমাদের ভারত, পূর্ব বর্ধমান, ১৬ ডিসেম্বর: বিয়ের প্রস্তাব মানতে চায়নি প্রেমিক। তাই শেষবারের মতো দেখা করার জন্য প্রেমিককে ডেকে গালে চুমু খেয়ে গুলি চালিয়ে দিল প্রেমিকা। কোনও রকমে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে প্রেমিকের পেট ঘেঁষে বেড়িয়ে যায়। বরাত জোড়ে প্রাণে রক্ষা পেয়েছেন প্রেমিক। আপাতত তার চিকিৎসা চলছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বুধবার রাতে পূর্ব বর্ধমানের কাটোয়ায়। তবে প্রেমিকাকে আটক করেছে পুলিশ। কোথা থেকে বন্দুক নিয়ে আসা হয়েছে তার তদন্ত চলছে।
পুলিশ সুত্রে জানাগেছে, প্রেমিকা মনীষা খাতুন ফোন করে রাত্রিবেলা কাটোয়া সার্কাস ময়দান সংলগ্ন এলাকায় ডেকে আনে প্রেমিক লালচাঁদ সেখকে। বিগত প্রায় তিনবছর ধরে প্রেমের সম্পর্ক ছিল তাদের।কোনও কারণে সেই সম্পর্ক ছিন্ন হয়ে যায়। পরবর্তী সময়ে প্রেমিকা মনীষা খাতুন কর্মসুত্রে ঝাড়খন্ড চলে যায়। গত মঙ্গলবার কাটোয়ায় আসে মনীষা। প্রায় একবছর আগে সে ঝাড়খন্ড চলে গিয়েছিলো বলে জানা গেছে।
গতকাল রাত পৌনে ন’টা নাগাদ ফোন করে শেষবারের মতো একবার দেখা করার জন্য প্রেমিক লালচাঁদ সেখকে ডাকে মনীষা খাতুন। সার্কাস ময়দান এলাকার গলিতে কথা কাটাকাটিও হয় বেশ কিছুক্ষণ। তারপর প্রেমিককে জড়িয়ে ধরে ওড়নার নীচ থেকে বন্দুক বের করে প্রেমিক লালচাঁদের বুকে ঠেকায়। প্রেমিকার রূপ দেখে পালাতে চেষ্টা করে প্রেমিক। কিন্তু
গুলি চালিয়ে দেয় প্রেমিকা মনীষা খাতুন। শীতের পোষাক ভেদ করে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পেট ছুঁয়ে বেড়িয়ে যায় ল। নিস্তব্ধ রাতে গুলির আওয়াজ শুনে চমকে ওঠেন স্থানীয়রা। উদ্ধার করা হয় আহত অবস্থায় যুবককে।
দ্রুত ঘটনাস্থলে আসে কাটোয়া থানার পুলিশ। আহতকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আপাতত লালচাঁদ সেখের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। ঘটনার পরে মনীষা চলে গেলেও পরবর্তী সময়ে পুলিশ তাকে আটক করেছে।
ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। ঘটনার প্রকৃত রহস্যের উদ্ঘাটন করার জন্য সবদিক খতিয়ে দেখছে পুলিশ ।

