জঙ্গলে নিয়ে গিয়ে প্রেমিকাকে খুন, মানবাজারে পুলিশ হেফাজতে প্রেমিক

সাথী দাস, পুরুলিয়া, ১৫ জুলাই: বিয়ের জন্য চাপ দেওয়ায় প্রেমিকাকে জঙ্গলে নিয়ে গিয়ে খুন করলো প্রেমিক। মানবাজার-১ নং ব্লকের তুরাং গ্রামের জঙ্গল থেকে তরুণীর পচা গলা দেহ উদ্ধারের তদন্তে নেমে এমনই দাবি পুলিশের। ঘটনায় যুবতীর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে চার দিনের পুলিশি হেফাজত হয় তাপস বাউরী নামে ধৃত ওই যুবকের।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে তুরাং গ্রামে শাল গাছের জঙ্গলে মানবাজার থানার অক্ষয়পুর গ্রামের বাসিন্দা বছর উনিশের তরুণী রোহিনী বাউরীর মৃতদেহ উদ্ধার হয়। তদন্তের ভিত্তিতে রোহিনীর প্রেমিক মানবাজার থানার অক্ষয়পুর গ্রামের তাপস বাউরীকে গ্রেফতার করে মানবাজার থানার পুলিশ। এদিন পুলিশ তদন্তে নেমে জানতে পারে সম্পর্কের টানাপোড়েনের জেরেই যুবতীকে জঙ্গলে নিয়ে গিয়ে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে। সূত্র মারফত খবর ওই তরুণীর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক ছিল ধৃতের। সম্প্রতি বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল ওই তরুণী। এতেই সমস্যা তৈরি হয়।

১১ জুলাই সকাল ১০ টা নাগাদ ওই যুবতী ব্যাঙ্ক যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর আর বাড়ি ফেরেনি। তবে সারাদিন কেটে গেলেও বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। পরেরদিন কিশোরীর পরিবারের লোকজন মানবাজার থানায় যান। নিখোঁজ ডায়েরি করেন তাঁরা। ওইদিনই কিশোরীর পরিবারের লোকজন জানতে পারেন গ্রামেরই বাসিন্দা তাপস বাউরির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাদের মেয়ের। সেকথা পুলিশকেও জানান তাঁরা। তাকে জঙ্গলে নিয়ে গিয়ে ঠাণ্ডা মাথায় খুন করে তাপস।

এই ঘটনার পিছনে আরও কোনো কারণ আছে কিনা এবং তাপস ছাড়াও অন্য কেউ এই খুনের সঙ্গে যুক্ত রয়েছে কিনা জানার জন্য তাকে জেরা করা হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *