সাথী দাস, পুরুলিয়া, ১ নভেম্বর: সরকারি বঞ্চনার অভিযোগ তুলে পুরুলিয়া জেলার জন্ম ও বঙ্গভুক্তির ৬৬ বর্ষে পদার্পন করল।দিনটি সরকারিভাবে পালিত না হলেও এই অন্তর্ভুক্তির আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা লোকসেবক সংঘ ভাষা সেনানিদের সন্মান জানিয়ে দিনটি উদযাপন করল।

১৯৫৬ সালের ১লা নভেম্বর তৎকালীন বিহার রাজ্যের মানভূম জেলার ষোলোটি থানা নিয়ে পৃথক পুরুলিয়া জেলা হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্ভুক্ত হয়। এদিন সেই ইতিহাসকে মনে রেখে পুরুলিয়া জেলার জন্মদিন পালন করে লোকসেবক সংঘ। পুরুলিয়ার ভাষা আন্দোলনের পথিকৃৎদের প্রতিকৃতিতে মালা দিয়ে সম্মান জানানো হয়। সেখানে প্রয়াত ভাষা সেনানীদের শ্রদ্ধা জানান পুরুলিয়া পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান নবেন্দু মাহালি সহ বোর্ডের সদস্যরা। এছাড়াও লোক সেবক সংঘের তরফ থেকে স্থানীয় পোস্ট অফিস মোড়ে একটি সভা আয়োজিত হয়।

এই দিনটিকে কালা দিবস হিসেবে পালন করল আদিবাসী কুড়মি সমাজ। পুরুলিয়া শহরের কাছে রাঁচি রোডে জমায়েত করেন জেলার বিভিন্ন প্রান্তের সদস্যরা। সংগঠনের শীর্ষ নেতৃত্বের পৌরহিত্যে স্থানীয় ট্যাক্সি স্ট্যান্ডে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পশ্চিম বঙ্গে অন্তর্ভুক্তি হয়ে নিজস্বতা হারিয়ে গিয়েছে স্থানীয়দের বলে দাবি করেন বক্তারা।

