তুফানগঞ্জে ১০০ দিনের কাজ নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের, অঞ্চল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বুথ সভাপতি

নিজস্ব প্রতিনিধি, আমাদের ভারত, কোচবিহার, ২৭ আগস্ট: তুফানগঞ্জ এর দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের ২৪৯/২৫০ নম্বর বুথে ১০০ দিনের কাজ করাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে। এই বিরোধের জেরে কাজ বন্ধ করে দিল এক গোষ্ঠী। অপর গোষ্ঠীর বক্তব্য যারা দলের ঝান্ডা নিয়ে উন্নয়নের বিরোধিতা করছে, তারা দলেরই ক্ষতি করছে।

আজ এলাকায় মাটিকাটার কাজ করতে যান কিছু লোকজন, এই সময় সেই কাজে বাধা দেয় ২৪৯ নম্বর বুথের তৃণমূল নেতাকর্মীরা। তাদের অভিযোগ, তাদের না জানিয়ে দোলের অঞ্চল সভাপতি ফারুক মন্ডল লোকজন নিয়ে জোর করে এই কাজ করাচ্ছেন। ২৪৯ নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়নাল আবেদীন অভিযোগ করেন, “দোলের অঞ্চল সভাপতি ফারুক মন্ডল লোকজন নিয়ে এসে জোর করে কাজ করতে চাইছে, তিনি বিভিন্ন ভাবে আমাদের ওপর অত্যাচার চালাচ্ছেন, আমাদের এলাকায় কাজ কিন্তু আমরা কিছুই জানি না, তাই কাজ বন্ধ করে দিয়েছি।” যদিও অভিযোগ অস্বীকার করেছে ২৫০ নম্বর বুথের বুথ সভাপতি গোলাম মন্ডল। তাঁর দাবি সরকারি নির্দেশে কাজ হচ্ছে, তাঁর আরও দাবি যারা কাজ বন্ধ করেছেন তারা তৃণমূলের ঝান্ডা নিয়ে দলের ক্ষতি করছেন।

এদিন অঞ্চল সভাপতির বিরুদ্ধে স্লোগান ওঠে এলাকায়। ২৪৯ বুথের সভাপতি জয়নাল আবেদীন এর নেতৃত্বে এই শ্লোগান তোলা হয়। অঞ্চল সভাপতি ফারুক মন্ডল জানিয়েছেন, মমতা ব্যানার্জির উন্নয়নের কাজে যারা বাধা দিচ্ছে তারা দলের কেউ নন, বিষয়টি ঊর্ধ্বতন নেতৃত্বকে জানানো হবে।
যদিও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি স্থানীয় তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, তার দাবি বিষয়টি তিনি কিছুই জানেন না, তবে খোঁজ নিয়ে দেখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *