অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৬ এপ্রিল: নিজেদের বিদ্যালয়ের মেধাবী এবং আর্থিক দিক থেকে কিছুটা পিছিয়ে থাকা ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াতে এগিয়ে এল ঝড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নং ব্লকের মহাপাল শ্রী বিদ্যাপীঠ প্রাক্তনী ও শিক্ষক সমিতি। সোমবার সকালে সমিতির উদ্যোগে মহাপাল-শালবনী হাটচালায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে কোভিভ বিধি মেনে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৩৮ জন ছাত্র-ছাত্রীদের হাতে প্রয়োজনীয় পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়।

পাশাপাশি এদিন ছাত্র-ছাত্রীদের মধ্যে এবং স্থানীয় মহাপাল বাজার এলাকায় মাস্ক বিতরণ ও করোনা নিয়ে সচেতনতার বার্তা দেন। এদিনের সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা সমিতির কার্যকরী সভপতি প্রভাত কুমার রাউত, এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক সুদীপ কুমার খাঁড়া, বিশ্বজিৎ পাল, কোষাধ্যক্ষ কার্তিক সাহু, সদস্য সৌকত আলি শা সহ অন্যান্য বিশিষ্ট প্রাক্তনী ও শিক্ষকবৃন্দ।


