স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩০ জানুয়ারি: দিনের আলোয় তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদিয়ার শান্তিপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের গোপালপুর এলাকায়। খবর পেয়ে বোম স্কোয়ার এবং শান্তিপুর পুলিশের তত্ত্বাবধানে বোমাগুলি উদ্ধার করা হয়।

জানা যায়, শান্তিপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের গোপালপুর দরগাতলা সংলগ্ন রাস্তার পাশে স্থানীয় বাসিন্দারা ওই বোমাগুলি দেখতে পায়। এর পরেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ গিয়ে বোমাগুলো উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, যেহেতু গোপালপুর এলাকা ঘনবসতিপূর্ণ, তাই বড়সড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল। স্বাভাবিকভাবেই বোমাগুলো উদ্ধার হওয়ার পর আতঙ্কে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। তারা চাইছেন কি উদ্দেশ্যে এই বোমাগুলি মজুত রাখা ছিল এর পিছনে কারা রয়েছে তা তদন্ত করে পুলিশ দোষীদের চিহ্নিত করুক। যদিও বোমাগুলি উদ্ধারের পর তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

