ইসলামপুরে তৃণমূলের ২ গোষ্ঠীর সংঘর্ষে বোমা, গুলি, ইট বৃষ্টি, আহত ১২

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৫ জুলাই: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ইসলামপুর। আবারও জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল গোষ্ঠীর সঙ্গে বিধায়ক আব্দুল করিম চৌধুরীর অনুগামী নির্দল প্রার্থীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের রামগঞ্জ-১ নং গ্রাম পঞ্চায়েতের বসাকপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, লাঠি, বাঁশের আঘাতে উভয়পক্ষের ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জন গুরুতর আহত হয়েছে। আহতদের স্থানীয় রামগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য আনা হয়েছে।

স্বপন বসাক নামে তৃণমূল কংগ্রেস প্রার্থীর স্বামীর আঘাত গুরুতর থাকায় তাকে ইসলামপুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রামগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে বেশ কয়েকজন মহিলা নির্দল সমর্থককে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় তারা বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন। পুলিশী পাহারায় তাদের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার তৃণমূল প্রার্থীর প্রচার শেষে স্থানীয় একটি দোকানে সিগারেট কিনতে যায় তৃণমূল প্রার্থী রাখি বসাক রায়ের স্বামী স্বপন বসাক। সেই সময় নির্দল সমর্থকরা তাঁকে মারধর করে বলে অভিযোগ। তাঁকে ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। তারপরই তৃণমূল কংগ্রেস কর্মী এবং নির্দল কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। উভয়পক্ষই একে অপরের ওপরে চড়াও হয়। শুরু হয় ইট বৃষ্টি। গুলি, বোমা চালানো হয় বলেও অভিযোগ। ঘটনায় আহত হয় উভয় পক্ষের একাধিক কর্মী সমর্থক।

নির্দল প্রার্থীর আত্মীয় সুনীতি বসাক জানিয়েছেন, তাঁর জা মৌসুমি বসাক নির্দলের প্রার্থী হয়েছে। তারা আব্দুল করিম চৌধুরীর অনুগামী। স্থানীয় তৃণমূল প্রার্থীর স্বামী স্বপন বসাক ও তার লোকজন এসে তাদের দোকানের উপরে হামলা চালায়। মারধর করা হয় পরিবারের লোকজনদের। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। পুলিশ তৃণমূলের লোকজনকে না ধরে নির্দল সমর্থকদেরই থানায় নিয়ে গেছে বলে জানান তিনি।

অপরদিকে, নির্দলকে সমর্থন করায় স্থানীয় রামু বসাক নামে এক বৃদ্ধকে রাস্তায় ফেলে মারধর করে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরা। নির্দল কর্মীরা আহত বৃদ্ধকে বাড়িতে রেখে যান। বাড়ির বাইরে বের হলেই আবার তার উপর আক্রমণ হতে পারে এই আশঙ্কায় চিকিৎসা না করে রক্তাক্ত অবস্থায় বাড়িতেই আছেন বৃদ্ধ রামু বসাক।

অন্যদিকে, স্থানীয় তৃণমূল প্রার্থী রাখি বসাক রায়ের স্বামী স্বপন বসাক জানিয়েছেন, তারা তৃণমূলের হয়ে প্রচারে গিয়েছিল। সেই সময় স্থানীয় একটি দোকানে সিগারেট কেনার সময় তাকে পেছন থেকে মারধর করা হয়। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় তৃণমূল কর্মীরা এলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ স্বপনবাবুর। তাঁর আরও অভিযোগ, বোমা, পিস্তল নিয়ে নির্দল কর্মী সমর্থকরা তাদের ওপরে চড়াও হয়েছে।

সংঘর্ষের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকায় ব্যাপক উত্তেজনা নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *