জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ মার্চ: পটাশপুর ১নং ব্লকের নৈপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সাঁয়া গ্রামে একটি কাঠ মিলের কাছে ১০ থেকে ১২টি তাজা বোমা পড়ে থাকতে দেখেন এলাকার মানুষজন। যা নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বোমাগুলি পড়ে থাকতে দেখা যায় একটা কাট চেরাই মিলের কাছে। এই ঘটনায় আতঙ্কে ভুগছে গোটা গ্রাম। এই ধরনের বোমা চোখে পড়ার ঘটনা নতুন নয় ঐ এলাকায়। সকাল ন’টা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়নি। এর ফলে এলাকায় আতঙ্ক ছড়াতে থাকে। পরে পুলিশ এসে বোমাগুলো উদ্ধার করে নিয়ে যায়। বোমাগুলি কিভাবে এখানে এল, কে বা কারা বোমাগুলি মজুদ করেছিল তা তদন্ত করে দেখছে পটাশপুর থানার পুলিশ।

