Post Office, Midnapur, পশ্চিম মেদিনীপুরে পোস্ট অফিসে বোমাতঙ্ক, ঘণ্টার পর ঘণ্টা বাইরে অপেক্ষা কর্মী ও গ্রাহকদের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক পোস্ট অফিসে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আতঙ্কের জেরে কাজকর্ম বন্ধ রেখে কর্মী ও গ্রাহকদের নিয়ে কয়েক ঘণ্টা পোস্ট অফিসের বাইরে অপেক্ষা করতে হয় কর্তব্যরত কর্মীদের।

জানা গিয়েছে, প্রথমে আতঙ্কের ই- মেইল আসে ঘাটাল মহকুমা পোস্ট অফিসে। পরে একই ধরনের ই- মেইল এসে পৌঁছায় খড়্গপুর আইআইটি চত্বরে অবস্থিত পাসপোর্ট অফিস সংলগ্ন পোস্ট অফিসেও। ই- মেইল পাওয়ার পরেই দ্রুত পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে অফিস খালি করে দেওয়া হয়।

পোস্ট অফিস সূত্রে খবর, ডিভিশনাল অফিস থেকে সতর্কতামূলক বার্তা পাঠানো হয়। অফিসিয়াল মেইলে আসা ওই ই- মেইল থেকেই আতঙ্কের সূত্রপাত। নিরাপত্তার স্বার্থে কর্মীরা সমস্ত কাজ বন্ধ রেখে গ্রাহকদের নিয়ে বাইরে বেরিয়ে আসেন এবং সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ তল্লাশি চালায়। তবে কোথাও কোনো সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক মেলেনি বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে এটি ভুয়ো ই- মেইল বা কারও দুষ্টুমি কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ই- মেইলের উৎস শনাক্ত করার চেষ্টা চলছে।

যদিও শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবু দিনভর জল্পনা ও উদ্বেগের পরিবেশ বজায় ছিল জেলার বিভিন্ন পোস্ট অফিসে। নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার বিষয়ে প্রশাসনের তরফে পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *