দিদির নির্দেশে পশ্চিমবঙ্গে বোমা বন্দুকের কুটির শিল্প চলছে, আর পুলিশ সেগুলি পাহারা দিয়ে রেখেছে: দিলীপ ঘোষ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: আজ মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া হাই স্কুলে “পরীক্ষা নিয়ে চর্চা” কর্মসূচিতে অংশগ্রহণ করেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ। আগামী ২৭ তারিখ প্রধানমন্ত্রী পরীক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলবেন। পরীক্ষার আগে ছাত্র-ছাত্রীদের উৎসাহ ও মনোবল বাড়ানোর জন্যই এই অনুষ্ঠান। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিল প্রায় ২০০ জন ছাত্র ছাত্রী।

এদিন চাঁদড়ার কর্মসূচি সেরে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল প্রাঙ্গণে উপস্থিত হন দিলীপ ঘোষ। এদিন বিদ্যাসাগর হল প্রাঙ্গণে সাংসদ দিলীপ ঘোষের উদ্যোগে গোটা পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে প্রায় ৬০০ জন অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা প্রশ্নের খোলামেলা উত্তর দেন দিলীপ ঘোষ। আরাবুলের বাড়ির পাশ থেকে বোমা এবং গ্রেপ্তার ইস্যু নিয়ে দিলীপ ঘোষ বলেন,
“শুধু আরাবুল নয়, টিএমসির যে কোনো নেতার বাড়ি, পার্টি অফিসে রেইড করুন, আপনি বোমা বন্দুক সবই পাবেন। ওগুলো হচ্ছে বোমার কারখানা। নেতারা হচ্ছে তার প্রডিউসার। দিদি বলেছেন কুটির শিল্প করতে, এই কুটির শিল্প হল বোমা বন্দুকের কুটির শিল্প, পশ্চিমবঙ্গে এই একটাই শিল্প চলছে। পুলিশ তো এগুলোকে পাহারা দিয়ে রেখেছে।”

দিদির দূতে বিক্ষোভের মুখে শতাব্দী প্রসঙ্গে দিলীপ বাবু বলেন, “সমস্ত নেতাদের বিক্ষোভের মুখে পড়তে হবে, কারণ মানুষ ক্ষুব্ধ হয়ে আছে। মানুষকে যেভাবে প্রতারিত করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে, লুট করা হয়েছে মানুষ আজ তার হিসাব পাওয়ার জন্য আন্দোলন করছে। বিজেপির কাছ থেকে শক্তি পেয়েছে মানুষ। আর আমরা পুরো সমাজের সঙ্গে আছি। যে অবিচার হচ্ছে তার বিচার চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *