আমাদের ভারত, ব্যারাকপুর, ৪ মে: জগদ্দল বিধানসভার অন্তর্গত জগদ্দলের ২৯ নম্বর গলিতে বোমাবাজি ও বিজেপি কর্মীর দোকান ভাঙ্গচুরের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল কলাবাগান এলাকায়। এই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার বিকেলে হঠাৎ করেই একদল দুষ্কৃতী জগদ্দলের কলাবাগান এলাকায় বিজেপির পার্টি অফিস লক্ষ্য করে বোম মারতে থাকে। তারপর ঐ দুষ্কৃতীরা বিজেপি কর্মী রাহুল কুমার সাউ এর মিষ্টির দোকানে বোমা মারে ও তাঁর দোকান সহ আরো বেশ কয়েকটি দোকানে ব্যাপক ভাঙ্গচুর চালায়। এমন কি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা মোটর সাইকেলগুলিও ভাঙ্গচুর করে দুষ্কৃতীরা। এরপর ওই দুষ্কৃতীরা পালিয়ে যায়।
এই ঘটনা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি কর্মী রাহুল কুমার সাউ। এই বোমাবাজির খবর পুলিশের কাছে পৌঁছতেই ঘটনাস্থলে ছুটে আসে জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে ঘটনাস্থলে ৩ টি তাজা বোমা পরে থাকতে দেখতে পায়। সঙ্গে সঙ্গে বোম স্কয়ারকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থল থেকে তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায়। দোকানপাট ভাঙ্গচুরের ঘটনায় এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ঘোষপাড়া রোড অবরোধ করেন।

