উত্তপ্ত ভাটপাড়া! বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির কাছে মুহূর্মুহু বোমাবাজি, পুলিশকে দাঁড় করিয়ে তীব্র ভর্ৎসনা সাংসদ অর্জুন সিংয়ের

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৮ মার্চ: বুধবার রাতে মুহূর্মুহু বোমাবাজিতে কেঁপে উঠল ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি সংলগ্ন এলাকা। উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার মেঘনা মোড় এলাকায় বুধবার রাত থেকে শুরু বোমাবাজি ও দুষ্কৃতী তাণ্ডব। বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের অভিযোগ অন্তত ১৫ টি বোমা পড়েছে তাঁর বাড়ির আশেপাশে। এই ঘটনায় ২ জন স্থানীয় বাসিন্দা সামান্য জখম হয়েছে।

অর্জুন সিংয়ের অভিযোগ, “ভাটপাড়া এলাকাকে অশান্ত করতে পুলিশ দুষ্কৃতীদের গ্রেপ্তার না করে বাইরে ছেড়ে রেখেছে। তারাই এলাকায় বামাবাজি তাণ্ডব করছে, এমনকি পুলিশের সামনে চলছে বোমাবাজি। পুলিশ নীরব দর্শক হয়ে রয়েছে। এখন নির্বাচন কমিশনের অধীনে রয়েছে পুলিশ তা সত্বেও জগদ্দল থানার পুলিশ তৃণমূলের পক্ষে কাজ করে যাচ্ছে। কি করে এত পুলিশের সামনে বোমা পড়ে আমার বাড়ির সামনে? আমি গোটা বিষয়টি লিখিত ভাবে নির্বাচন কমিশনকে জানাচ্ছি।”

আজ সকালে দেখা যায় ভাটপাড়ার মেঘনামোড় এলাকায় গাড়িতে, রাস্তায় একাধিক জায়গায় বোমা মেরেছে দুষ্কৃতীরা। এই ঘটনায় স্থানীয় দুষ্কৃতীরা জড়িত বলে পুলিশের প্রাথমিক অনুমান। ঘটনার পর জগদ্দলের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম বলেন, “এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। দুষ্কৃতীদের মধ্যে গোষ্ঠী কোন্দলের কারণে এই ঘটনা ঘটেছে। পুলিশ দুষ্কৃতীদের গ্রেপ্তার করুক।”

জগদ্দল থানার পুলিশ বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি সংলগ্ন এলাকায় তদন্তে গেলে পুলিশকে প্রকাশ্যে ভর্ৎসনা করেন সাংসদ অর্জুন সিং। তিনি পুলিশ আধিকারিকদের রাস্তায় দাঁড় করিয়ে বলেন, “তৃণমূলের পক্ষে কাজ করা বন্ধ করুন। এখন প্রশাসন তৃণমূলের হাতে নেই। কেন ভুলে যাচ্ছে নির্বাচন কমিশনের অধীনে রয়েছে পুলিশ।” জগদ্দল থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *