আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৭ জুন: দুই দল দুষ্কৃতীর মধ্যে গন্ডগোলের জেরে বোমাবাজির ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার খড়দহ রাসখোলা ঘাট এলাকায়। প্রকাশ্য দিবালোকে এই বোমাবাজির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে রাসখোলা ঘাট সংলগ্ন এলাকায়। এই বোমাবাজির ঘটনায় ৩ জন গুরুতর জখম হন। গোপাল দাশগুপ্ত, জুগ্নু ও পণ্ডিত নামে তিন জন ওই বামাবাজিতে আহত হন। এই ঘটনার পর ওই তিনজনকে ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে ভর্তি করা হয়। ওখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ওই ৩ জনকে।
প্রতক্ষ্যদর্শীদের মতে অন্যান্য দিনের মতই আজও এলাকার কয়েকজন কুখ্যাত দুষ্কৃতী বলে পরিচিতরা আড্ডা দিচ্ছিলেন গঙ্গার পাশে বসে। হঠাৎ করেই তাদের মধ্যে বচসা শুরু হয় যা ক্রমে হাতাহাতিতে চলে যায়। সেই সময় ওই দুষ্কৃতীদের মধ্যে থেকে কেউ বোমা ছুড়তে শুরু করে। সেই বোমার স্প্লিন্টার ছুটে গিয়ে আহত হন ৩ দুষ্কৃতী। এই বোমাবাজির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা।

এই ঘটনা সম্পর্কে স্থানীয় তৃণমূল নেতা বলেন, “এটা কোনও রাজনৈতিক বিষয় না। আসলে দুই দল দুষ্কৃতী মিলে এলাকা দখল করতে চাইছিল তাই বোমাবাজি করেছে। আসলে বর্তমানে এই খড়দা এলকায় কোনও বিধায়ক নেই যার ফলে কিছু দুষ্কৃতী মাথা চাড়া দিচ্ছে। এটা সম্পূর্ণ দুষ্কৃতিদের কাজকর্ম।
বোমাবাজির ঘটনায় খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে ছুটে যান খড়দা থানার পুলিশ। এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ।

