আমাদের ভারত, ব্যারাকপুর, ১৪ মার্চ: গতকাল গভীর রাতে উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বাবনপুর এলাকায় এক তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়াল। ওই তৃণমূল কর্মীর নাম শেখ শুকুর।
জানাগেছে, গতকাল গভীর রাতে শেখ শুকুর যখন দোতলায় ঘুমোচ্ছিলেন তখন দুষ্কৃতীরা এসে তাঁর বাড়ির দরজার সামনে উঠানে বোমা মারে। বোমার শব্দে ঘুম থেকে উঠে পড়েন শুকুরের পরিবারের সদস্যরা। ততক্ষণে এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা। তৃণমূল করার সুবাদে স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে তাঁর সম্প্রতি গণ্ডগোল হয়, তার জেরেই এই বোমাবাজি বলে অনুমান স্থানীয় তৃণমূল নেতৃত্বের।
যে দুষ্কৃতীরা বোমা মেরেছে তারা বিরোধী দল বিজেপির কেউ নয়, দাবি মোহনপুরের বিজেপি নেতৃত্বের। শেখ শুকুর বলেন, “তৃণমূলের জন্য কাজ করছি, সেই কারনে অনেকের সঙ্গে শত্রুতা আছে। একজনের সঙ্গে বিবাদও হয়েছিল। তারাই এই ঘটনা ঘটাল, এরকম হতে পারে। আমি দলীয় শীর্ষ নেতাদের সব জানিয়েছি। পুলিশকে জানিয়েছি। একটাই বোমা পড়েছে।”

এদিকে এই ঘটনায় বিজেপির কোনও যোগ নেই বলে দাবি করেছে স্থানীয় বিজেপি নেতা প্রভাস বালা। তিনি বলেন, “আমাদের সঙ্গে মানুষ আছে। আমাদের বোমা মারার দরকার পড়ে না। ওরাই বোমা বানাচ্ছে, ওরাই প্রচারের আলোয় আসতে বোমা ফাটাচ্ছে। আমরা হিংসার রাজনীতি করি না। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে।” টিটাগড় থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। এই ঘটনায় নোয়াপাড়ার মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়েছে।

