প্রতীতি ঘোষ,ব্যারাকপুর, ১৩ এপ্রিল: রাতে এক ব্যবসায়ীর বাড়িতে বোমা ছুড়ল দুষ্কৃতিরা। এই ঘটনায় দরজা এবং জানালার কাঁচ ভাঙ্গলেও কেউ আহত হননি। কিন্তু, সারারাত আতঙ্কে কাটালেন ওই ব্যবসায়ী পরিবার। পুলিশকে ফোন করেও সাহায্য মেলেনি বলে অভিযোগ। উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহাকুমার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের অধীন গারুলিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ঘটনা।

ছবি: সিসিটিভিতে ধারা পড়েছে হামলাকারীদের ছবি।
জানাগেছে, ভারত হাউজিংয়ের এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে গতকাল রাতে দুটি বোমা ছোড়ে একদল দুষ্কৃতী। কিন্তু কি কারনে এই বোমাবাজি তা এখনও পরিষ্কার নয়। ব্যবসায়ী গৌরাঙ্গ দাসের অভিযোগ কি কারনে দুষ্কৃতীরা তাঁর বাড়ির ওপরে হামলা চালালো তা তিনি জানেন না। রাতেই জগদ্দল থানার পুলিশকে বহুবার ফোন করে সাহায্যের আবেদন জানিয়েও কোনও সাহায্য পাননি বলে অভিযোগ জানান আক্রান্ত ব্যবসায়ী। পুলিশ আসছি বলেও আসেনি।সারারাত তাঁদের আতঙ্কে কেটেছে। আজ ভোরেও পুলিশ আসেনি। পরে বেলার দিকে পুলিশ আসে। ব্যবসায়ীর ধারণা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতেই এই বোমাবাজি।


