স্নেহাশীষ মুখার্জি, নদীয়া, ১৭ এপ্রিল: বিজেপির বুথ সভাপতির বাড়িতে বোমা বাজি। ভোটের আগের দিন রাতে তাঁর বাড়িতে বোমা ছোঁড়া হয়। এই ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয় এলাকায়। ঘটনা কল্যাণী বিধানসভা এলাকার সগুনা লিচুতলার।
জানা গেছে, সুগুনা নিচু তলার বাসিন্দা পেশায় চিকিৎসক মঙ্গল ঘরামী বিজেপির বুথ সভাপতি। গতকাল গভীর রাতে বাড়িতে বোমার আওয়াজে ঘুম ভেঙে যায় পরিবারের সকলের। বুঝতে পারেন বাড়িতে বোমা মারা হয়েছে। আতঙ্কিত হয়ে প্রাণভয় আর দরজা খোলেননি মঙ্গল ঘরামী এবং তার পরিবারের লোকজন। সারারাত তাঁরা ঘরের ভেতরেই আতঙ্কে কাটান। সকালে ঘুম থেকে উঠে দেখেন বোমার আঘাতে তাঁর বাড়ির কার্নিশের খানিকটা অংশ ভেঙ্গে গেছে, এছাড়া আরো একটি বোমা কার্নিশের উপরে পড়ে রয়েছে।

এই তাজা বোমা দেখে তারা আরো আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেন, কিন্তু সকাল দশটা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে আসেনি বলে মঙ্গল ঘরামী অভিযোগ করেন। এরপর আধা সামরিক বাহিনীর হজওয়ানরা এলাকা ঘুরে যান। তাঁরা লোকজনকে দূরে থাকতে বলেন। শেষ পর্যন্ত মঙ্গল ঘরামী পুলিশ সুপারকে ফোন করে বিষয়টি জানান। পুলিশ সুপার জানান বোম ডিসপোজাল টিম গিয়ে বোমা নিষ্ক্রিয় করবে। মঙ্গল ঘরামীর অভিযোগ, তিনি বিজেপি করেন বলেই তাঁর বাড়িতে হামলা হয়েছে এবং এর সঙ্গে তৃণমূল যুক্ত রয়েছে। যদিও এ ব্যাপারে তৃণমূলের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি।


