“বোমা নিয়ে হামলা হয়েছে নিশীথ প্রামাণিকের কনভয়ে, রাজ্য পুলিশ করছিলটা কি?” রাজ্য প্রশাসনকে একহাত নিলেন সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ৪ নভেম্বর: দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনায় রাজ্য পুলিশকে তুলোধুনা করলেন সুকান্ত মজুমদার। তাঁর কথায় দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে হামলা হয়েছে। রাজ্য পুলিশ করছেটা কি? এই পুলিশের থাকার দরকার নেই। একই সঙ্গে রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত ভোট পরিচালনার ভাবনায় হিংসার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় তিনি রাজ্য পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন। সুকান্ত মজুমদার বলেন, “এই ঘটনা চিন্তার বিষয়, অত্যন্ত উদ্বেগের বিষয় যে ভারতবর্ষের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলা হল। হামলাকারীরা বোম নিয়ে এসেছিল, বোমাবাজি হয়েছে।” তিনি প্রশ্ন তোলেন, “রাজ্য পুলিশ করছিলটা কি? এই পুলিশকে আমরা মাইনে দিয়ে পুষে রেখেছি? এদের কাজটা কি? মুখ্যমন্ত্রী ও তার ভাইপোর বাড়ি পাহারা দেওয়া? বাদবাকি কোনো কাজ নেই? ”

কনভয়ে হামলাকারিদের বিরুদ্ধে বিজেপির কর্মী সমর্থকরা প্রতিরোধ গড়ে তোলে। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “যারা মারতে এসেছিল তাদের উপযুক্ত ট্রিটমেন্ট দিয়ে আমাদের কর্মী সমর্থকরা বাড়ি পাঠিয়ে দিয়েছে। সেটা আলাদা বিষয়, কিন্তু কতটা দুঃসাহস হলে একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উপর এই রকম হামলা হয়।” অভিযোগের সুরে বিজেপি রাজ্য সভাপতি বলেন, রাজ্য পুলিশকে তো ধর্তর্ব্যের মধ্যেই আনছে না গুন্ডা বাহিনীরা, গরু পাচারকারীরা। তাহলে পুলিশ রেখে লাভ কি? তুলে দেওয়া উচিত। থাকারই দরকার নেই।”

একই সঙ্গে রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত ভোট পরিচালনার ভাবনা প্রসঙ্গে আশঙ্কা প্রকাশ করে বিজেপি রাজ্য সভাপতি বলেন, “অত্যন্ত চিন্তার বিষয়, রাজ্য নির্বাচন কমিশন কিছুদিন আগে ইঙ্গিত দিয়েছেন রাজ্য পুলিশ দিয়ে তারা পঞ্চায়েত নির্বাচন করাতে চায়। আমরা বলেছিলাম রাজ্যের পঞ্চায়েত নির্বাচন আপনারা রাজ্য পুলিশ দিয়ে করবেন না, চৌকিদার দিয়ে করাবেন আমাদের মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা হচ্ছে একজন মায়ের কোলও যেনো খালি না হয়। কারো গালে যেনো একটাও থাপ্পড় না পরে। কারো হাত পা যেন না ভাঙ্গে। যদি ভাঙ্গে তার দায় রাজ্য নির্বাচন কমিশনকে নিতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *