“সঠিক মূল্যায়ন করে নায্য নম্বর সহ নতুন মার্কশিট দিতে হবে”, এই দাবিতে রাস্তা অবরোধ করল বোলপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা

আশিস মণ্ডল, বীরভূম, ৩ আগস্ট: উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বর নিয়ে বিক্ষোভ অব্যাহত। এবার শুধু আর স্কুলে বিক্ষোভ নয়, রাস্তায় নেমে পথ অবরোধে সামিল হয়েছেন ক্ষুব্ধ পড়ুয়ারা। মঙ্গলবার বোলপুর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা বোলপুর-শান্তিনিকেতন রাস্তা অবরুদ্ধ করে দাবি তুলেছেন, সঠিকভাবে মূল্যায়ন করে নায্য নম্বর সহ নতুন মার্কশিট দিতে হবে। দীর্ঘক্ষণ ছাত্রদের হাতে অবরুদ্ধ থাকে গুরুত্বপূর্ণ ওই রাস্তা।

ছাত্রদের দাবি, বোলপুর উচ্চ বিদ্যালয়ের ৫৬ জন পরীক্ষার্থীর উচ্চ মাধ্যমিকের ফল আশানুরূপ হয়নি। ছাত্রদের বক্তব্য, পর্ষদের নির্দেশ অনুযায়ী মাধ্যমিকের ফল, একাদশ শ্রেণির ফল এবং প্রজেক্টে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তাদের উচ্চ মাধ্যমিকের ফল হওয়ার কথা ছিল। কিন্তু সেই সমস্ত নম্বর যোগ করে যে নম্বর তাদের পাওয়ার কথা পর্ষদের মূল্যায়নে তার থেকে অনেক কম নম্বর এসেছে। কেউ ৩০ তো কেউ ৪০ নম্বর পর্যন্তও কম পেয়েছে বলে দাবি পড়ুয়াদের। ফলে আগামী দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের সমস্যার সম্মুখীন হতে হবে। হাতে সঠিক নম্বর যুক্ত মার্কশিট না এলে তাদের ভর্তির ক্ষেত্রেও সমস্যা হবে বলে আশঙ্কা তাদের।

এ ব্যাপারে বোলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রিয় সাধু জানান, “আমাকে অনেক আগেই তারা বিষয়টি জানিয়েছে। ইতিমধ্যেই এই বিষয়টি বেশ কয়েকবার পর্ষদের নজরে আনা হয়েছে। আমি গত ২৬ জুলাই পর্ষদে গিয়ে আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি। পর্ষদ বিষয়টি বিবেচনা করবে বলে আশ্বাস দিয়েছেন। পর্ষদের পক্ষ থেকে নতুন মার্কস নিয়ে সিদ্ধান্ত না জানালে আমার পক্ষেও তা জানানো সম্ভব নয়। তাই ছাত্রদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া এই মুহূর্তে সম্ভব নয়”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *