আমাদের ভারত, পূর্ব বর্ধমান, ৬ অক্টোবর: রাত পোহালেই কলকাতার মতোই বর্ধমানে বারোয়ারির ৩১টি পুজো কমিটিকে নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজোর মা- এর কার্নিভাল। বিধায়ক খোকন দাস ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এবছর প্রথম মা- এর কার্নিভালের আয়োজন করা হয়েছে।দেখতে দেখতে পুজো শেষ, রাত পোহালেই বর্ধমানের রাজপথে পুজো কার্নিভাল আয়োজিত হতে চলেছে। শহর জুড়ে সাজো সাজো রব। এই বর্ণাঢ্য শোভাযাত্রাকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বৃহস্পতিবার শেষ দফায় জেলাশাসকের সভাগৃহে কার্নিভাল নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল এদিন। তারপরেই বর্ধমানের কার্জনগেটে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। এদিন মঞ্চ পরিদর্শনে আসেন এসডিও নর্থ তিথাঙ্কর বিশ্বাস সহ বিধায়ক খোকন দাস। এদিন জেলা শাসকের সভাগৃহের বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, পুলিশ সুপার কামনাশীষ সেন সহ অন্যান্যরা।
বর্ধমানের কার্জনগেটে যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চে থাকবেন জেলা প্রশাসনের আধিকারিকরা। এবার বিশেষ আকর্ষণ থাকছে মা’য়ের কার্নিভালে বলিউডের বিশিষ্ট অভিনেতা চাঙ্কি পান্ডের উপস্থিতি।
বিধায়ক খোকন দাস বলেন, কাল অনুষ্ঠিত হবে কার্নিভাল। তার আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কাজ প্রায় শেষের দিকে। কার্নিভাল অনুষ্ঠিত হবে লালটু স্মৃতি সংঘের মাঠ থেকে শুরু হয়ে পাঞ্জাবী পাড়া পর্যন্ত। পুরো রাস্তা পরিষ্কার করা হচ্ছে। দুধারে দাঁড়িয়ে দেখবে শহরবাসী এই কারণে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য পুলিশ প্রশাসন সর্বদা সজাগ থাকবে, থাকবে অ্যাম্বুলেন্সও।
শেষ মুহূর্তে মঞ্চ পরিদর্শনে এসে এসডিও নর্থ তিথাঙ্কর বিশ্বাস জানান, মেডিকেল টিম, ফায়ার ব্রিগেড সবকিছুই তৎপর আছে। নিয়োগ করা হয়েছে প্রচুর পুলিশ বাহিনী। কার্নিভালের ফলে রাস্তা বন্ধ থাকবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব অর্থাৎ রাত দশটা থেকে এগারোটার মধ্যে শেষ করার চেষ্টা করা হবে এই বর্ণাঢ্য শোভাযাত্রা।

