নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার, চাঞ্চল্য গঙ্গাজলঘাঁটি’তে

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩০ অক্টোবর: ৩৬ ঘন্টা নিখোঁজ থাকার পর আজ সকালে মৃতদেহ স্হানীয় একটি পুকুর থেকে উদ্ধার হওয়ার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গঙ্গাজলঘাঁটি থানার রাধামাধবপুর গ্রামে। মৃত ওই গ্রামেরই বাসিন্দা, শান্তিরাম মণ্ডল(৫৫) পেশায় গাড়ি চালক।

কিছুদিন আগে আচমকাই প্যারালিসিসে শরীরের একটা দিক প্রায় অবশ হয়ে যায়। চিকিৎসায় সাড়া পেয়ে তিনি হাঁটাচলার শক্তি পেয়ে এলাকায় ঘুরেও বেড়াতেন। শুক্রবার সন্ধে পর্যন্ত তাকে দেখা গেছে গ্রামের মোড়ে। তারপর তিনি নিখোঁজ হয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি তার শারিরিক অবস্থা নিয়ে কিছুটা মানসিক অবসাদে ভুগছিলেন। ওইদিন সন্ধ্যায় তিনি হয়তো পুকুরে গিয়েছিলেন শৌচক্রিয়ার জন্য। কোনো ভাবে পা পিছলে জলে পড়ে গিয়ে আর উঠতে পারেননি। তার খোঁজ না পেয়ে পরিবার ও গ্রামের মানুষজন তাঁকে খোঁজাখুঁজি করেছিলেন। কিন্তু কোথাও সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে গঙ্গাজলঘাঁটি থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল শনিবার।

রবিবার সকালে স্থানীয় হীঁড় পুকুরে তার দেহ ভাসতে দেখতে পান বাসিন্দারা। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। গ্রামের মানুষজনের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে প্রথমে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর সাথে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তও শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *