মণিপুরে জঙ্গি হামলায় শহিদ সেনা জওয়ানের দেহ ফিরল খড়গ্রামে, গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হল শ্যামল দাসকে

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৫ নভেম্বর: মণিপুরে জঙ্গি হানায় শহিদ শ্যামল দাসের কফিনবন্দি দেহ সোমবার ফিরল গ্রামে। সহকর্মীদের কাঁধে চেপেই মুর্শিদাবাদের খড়গ্রাম থানার কীর্তিপুর গ্রামে এলেন শহিদ সেনা জওয়ান। বাড়ির ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ল পরিবার। গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হল শহিদ জওয়ানকে।

উল্লেখ্য, গত পরশুদিন মণিপুরে অসম রেজিমেন্টের উপর জঙ্গি হামলা হয়, যার জেরে এক অফিসার সহ ছয়জন ঘটনাস্থলে শহিদ হন। সোমবার মণিপুর থেকে মুর্শিদাবাদের কান্দি মহকুমার খড়গ্রাম থানার অন্তর্গত কীর্তিপুর গ্রামে শহিদ শ্যামল দাসের নিথর দেহ ফিরল। এদিন সকাল থেকে কীর্তিপুর গ্রামের খেলার মাঠে শ্যামল দাসের মরদেহ রাখার ব্যবস্থা করা হয়েছিল। সেনা কনভয়ে মৃতদেহ পৌঁছতেই গ্রামজুড়ে শোকের ছায়া নামে। মিছিল করে ‘অমর রহে’ ধ্বনি তুলে এগিয়ে নিয়ে যান গ্রামবাসীরা। খেলার মাঠে আগেই উপস্থিত ছিলেন শহিদের স্ত্রী, মেয়ে, বাবা-মা-সহ গোটা পরিবার। রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটের মাধ্যমে শ্যামল দাসের শেষকৃত্য সম্পন্ন হল সোমবার বিকেলে।

মুর্শিদাবাদে বীর পুত্র শ্যামল দাসের শেষকৃত্য দেখবার জন্য অগণিত সাধারণ মানুষ ভিড় জমিয়েছিল কীর্তিপুর গ্রামে। শ্যামল দাসের পরিবারের প্রতি সমবেদনা জানাতে ও শেষকৃত্যে অংশীদারিত্ব করবার জন্য উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী আখরুজাম্মান, মুর্শিদাবাদের জেলাশাসক শরৎকুমার ত্রিবেদী, মুর্শিদাবাদ জেলা আরক্ষা আধিকারিক কে সবরি রাজকুমার, খড়গ্রামের বিধায়ক আসিস মার্জিত সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *