সন্ধ্যা থেকে নিখোঁজ থাকার পর পুকুরের পাশ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য শান্তিপুরে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২৮ জুলাই:
সন্ধ্যা থেকে নিখোঁজ থাকার পর পুকুরের পাশ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। স্থানীয়দের দাবি, এই মৃত্যুর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে। তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। নদীয়া শান্তিপুর থানার বেলঘড়িয়া এলাকার ঘটনা।

সূত্রের খবর নদীয়া শান্তিপুর থানার অন্তর্গত বেলঘড়িয়া গ্রামের বাসিন্দা দিলীপ বিশ্বাস, বয়স আনুমানিক পঞ্চান্ন বছর। গতকাল সন্ধ্যায় জল নেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। কিন্তু দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন গোটা এলাকা জুড়ে খোঁজাখুঁজি শুরু করে। গভীর রাত পর্যন্ত খোঁজাখুজি করেও তাঁর কোনো খোঁজ পায়নি পরিবারের সদস্যরা।

আজ সকালে ওই এলাকার একটি পুকুরের পাশে তার মৃতদেহ দেখে স্থানীয় বাসিন্দারা। দেহের কিছুটা অংশ পুকুরে আর কিছুটা পাড়ে ছিল। পরে পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। কি কারণে তার মৃত্যু হয়েছে তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *