বাংলাদেশ থেকে দেহ ভেসে আসলো পুনর্ভবাতে, করোনা সংক্রমিত দেহের প্রশ্নে উত্তেজনা গঙ্গারামপুরের কাটাবাড়ি সীমান্ত

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩০ মে: ভারত-বাংলাদেশ সীমান্তে জলে ডোবা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বাংলাদেশের দিক থেকে ভেসে আসা ওই দেহকে ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার কাটাবাড়ি সীমান্তবর্তী এলাকায়। পুনর্ভবা নদীর স্রোতে ভেসে আসা ওই দেহ করোনা সংক্রমিত কি না তা নিয়েও উস্কে উঠেছে সাধারণের জল্পনা।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, অজ্ঞাত পরিচয় ওই
মৃতদেহটি এদিন ভারত বাংলাদেশের সীমান্তবর্তী কাটাবাড়ি এলাকার পুনর্ভবা নদীতে ভাসতে দেখে স্থানীয়রা। বিষয়টি নজরে আসতেই ভিড় জমে যায় এলাকার মানুষদের। গ্রামবাসীদের অনুমান, মৃতদেহটি বাংলাদেশের দিক থেকেই ভেসে এসেছে। করোনা সংক্রমিত হওয়ার জেরেই কি বাংলাদেশ থেকে ওই মৃতদেহকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে? সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া ভারতীয় বাসিন্দাদের মধ্যে। যদিও ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ। পুরো ঘটনায় ভারত-বাংলাদেশ দুই দেশের বিওপিতে যোগাযোগ করেও মৃতদেহের সনাক্ত করণ করতে পারেনি গঙ্গারামপুর থানার পুলিশ।

গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু জানিয়েছেন, মৃতদেহটিকে সীমান্ত এলাকার নদী থেকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে মৃত ব্যক্তি কোন দেশের তা এখনও পরিষ্কার হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *