Body, Khatra, বাড়ি থেকে যুবকের র*ক্তা*ক্ত দেহ উদ্ধার, খু*নে*র অভিযোগ ঘিরে চাঞ্চল্য খাতড়ার গ্রামে

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৯ফেব্রুয়ারি: বাড়ির ভেতর থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে খাতড়া থানার দহলা পঞ্চায়েতের বীরখাম গ্রামে। এই ঘটনায় খুনের অভিযোগ উঠেছে। তদন্তের দাবি জানিয়েছেন মৃতের পরিবার ও প্রতিবেশীরা। মৃত যুবক সন্দীপ মুদি (২৬) পেশায় পরিযায়ী শ্রমিক ছিলেন।মাত্র কয়েকদিন আগেই বাড়ি ফিরেছিলেন সন্দীপ মুদি।

পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায় যে, গত শনিবার রাতে সন্দীপ বাড়িতে একাই ছিলেন। তার বাবা-মা আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। রবিবার সকাল থেকে বহুবার চেষ্টা করেও ছেলের সঙ্গে যোগাযোগ করতে না পারায় উদ্বিগ্ন হয়ে পড়েন তারা। অবশেষে কোনো উপায় না পেয়ে বিকেলে পড়শিদের সঙ্গে যোগাযোগ করে ছেলের খোঁজ নিতে বলেন তারা। বাড়িতে গিয়ে পড়শিরা ডাকাডাকি করেও কোনও সাড়া পাননি। পড়শিরা উঁকি দিয়ে দেখেন যে ঘরের মধ্যে ঢাকা দেওয়া অবস্থায় পড়ে রয়েছে সন্দীপের রক্তাক্ত দেহ। এই খবর পেয়ে রবিবার রাতে ঘটনাস্থলে পৌঁছায় খাতড়া থানার পুলিশ। তারা ঘরের দরজা ভেঙ্গে যুবককে উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতের কাকিমা সাধনা মুদি, খুড়তুতো ভাই অর্পণ মুদি সহ পরিবারের সদস্য ও স্থানীয়দের অভিযোগ, সন্দীপের মাথার সামনে ও পেছনে গভীর আঘাতের চিহ্ন দেখা গেছে। তাই তাদের ধারণা তাকে খুন করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে পুলিশ। এটি খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। যদি খুন করা হয়ে থাকে তবে কী কারণে এই খুন এবং এর পেছনে কারা জড়িত তা জানতে খাতড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *