অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১৪ জুলাই: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বাকড়া এলাকায় রাস্তার ধার থেকে বাইক সহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল এক ব্যক্তির দেহ।পুলিশ সুত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম প্রবোধ মাহাতো। বাড়ি সাঁকরাইলের ঝিলিদাম গ্রামে।
পরিবার সূত্রে খবর, গতকাল দুপুর তিনটে নাগাদ নিজের পোলট্রি ফার্মের মুরগির ভ্যাকসিন আনার জন্য ঝাড়গ্রাম যায় সে। তারপর রাত হলেও বাড়ি ফেরেনি। পরের দিন বেলার দিকে এলাকার মানুষজন রাস্তার ধারে বাইকসহ রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। তারপর খবর দেওয়া হয় তার পরিবারের লোকেদের। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরে ঘটনাস্থল থেকে সাঁকরাইল থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার জেরেই কি এরকম ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য তার তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ।

