আলু ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য চন্দ্রকোনায়

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ মার্চ: গ্রামের বাইরে আলুর খেতে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার মদনচক গ্রামের। মৃত ব্যক্তির নাম অশোক দিগার।

রাস্তা দিয়ে যাবার সময় স্থানীয় লোকজন দেখতে পায় জমির ধারে পড়ে রয়েছে এক ব্যক্তি। পরে অনেক লোকজন একত্র হলে খবর দেওয়া হয় ওই ব্যক্তির বাড়িতে। পরে তার পরিবারের লোকজন গিয়ে দেখে অশোক দিগার রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে আলুর ক্ষেতে। শরীরে রয়েছে একাধিক ক্ষত চিহ্ন। খবর দেওয়া হয় রামজীবনপুর পুলিশ ফাঁড়িতে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

যদিও পরিবারের লোকজন ও পাড়া-প্রতিবেশীদের দাবি, খুন করেই অশোক দিগার নামের ওই ব্যক্তিকে ফেলে রাখা হয়েছে আলুর খেতে। ব্যক্তিগত আক্রোশের জেরে খুন দাবি পরিবারের। এই ঘটনার পেছনে ওই গ্রামের এক মহিলা ও ২ ব্যক্তি জড়িত রয়েছেন বলে অভিযোগ করেন মৃত ব্যক্তির পরিবারের লোকজন। এই ঘটনার পরেই কান্নায় ভেঙে পড়েন মৃত ব্যক্তির পরিবারের লোকজন।

ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের শাস্তির দাবি তুলে বাড়ির সামনে বিক্ষোভ দেখায় মৃত ব্যক্তির পরিবারের লোকজন ও পাড়া প্রতিবেশী মহিলারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *