মিলন খামারিয়া
আমাদের ভারত, কল্যাণী, ২৯ মে: অনেক মানুষ রক্তের অভাবে সমস্যায় পড়েন। বিশেষ করে গরমের সময় সেই সঙ্কট আরও তীব্র হয়। তাই রক্তের এই সঙ্কটের স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল নদিয়া জেলার কল্যাণী মর্নিং ক্লাব।
এ বছর এই ক্লাবের রজত জয়ন্তী বর্ষ। এদিন সকাল থেকেই রক্তদান শিবিরে অনেক মানুষ ভীড় জমান। এই শিবিরে ৬ জন মহিলা সহ মোট ৩৯ জন স্বেচ্ছায় রক্তদান করেন। ক্লাবের সাধারণ সম্পাদক ড: দিলীপ কুমার মিশ্র জানান, “মানুষ মানুষকে যা কিছুই দান করুন না কেন, রক্তদানের মতো মহৎ দান আর কিছু হতেই পারে না। যেহেতু কৃত্তিম উপায়ে রক্ত তৈরি করা যায় না, সেইজন্য রক্তদানের গুরুত্ব অনেক বেশি। মুমূর্ষু রোগীদের রক্ত দিয়ে সাহায্য করার জন্যই আজ এই শিবিরের আয়োজন করেছি আমরা।”
এদিন কল্যাণী ও তার আশেপাশের মানুষেরা রক্তদান করতে আসেন। যারা রক্তদান করেন ক্লাবের পক্ষ থেকে তাদের দুধ, ফল, ডিম, কেক, মিষ্টি, মেটালের জলের বোতল ও ছাতা দেওয়া হয়। এছাড়া প্রত্যেকের হাতে একটি করে শংসাপত্র তুলে দেওয়া হয়।

রবিবারের এই শিবিরে উপস্থিত ছিলেন ডাঃ সিদ্ধার্থ দাস, ডাঃ সুশীল বিশ্বাস, ডাঃ পৌলমী ঘোষ এবং ডাঃ অর্জুন দত্ত। তারা সবাই উপস্থিত মানুষদের রক্তদানের গুরুত্ব উপলব্ধি করান।

